নড়াইলে মাশরাফির বিরুদ্ধে আরেক মামলা

0
124

নড়াইলের লোহাগড়ায় সাবেক হুইপ ও সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজাসহ ৩০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জেলা শাখার সংগঠক কাজি ইয়াজুর রহমান বাবু বাদী হয়ে লোহাগড়া থানায় মামলাটি করেন।

মামলায় মাশরাফি ও তার বাবা গোলাম মর্তুজা স্বপন ছাড়াও ছাত্রলীগের জেলা সভাপতি নাঈম ভূইয়া, সাধারণ সম্পাদক স্বপ্নীল সিকদার নীল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সৈয়দ মশিউর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু, ফয়জুল হক রোম, ফয়জুল আমীর লিটু, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের ২৯৫ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ৩০০ জনকে আসামি করা হয়।

মামলায় বাদী অভিযোগ করেন, আসামিরা স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নড়াইল জেলার বিভিন্ন এলাকার সন্ত্রাসী, চাঁদাবাজ, খুনী, অস্ত্রধারী ব্যক্তি। গত ৪ আগস্ট সকালে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার কর্মসূচি চলাকালে লোহাগড়ার সিঅ্যান্ডবি চৌরাস্তায় ছাত্র-জনতার ওপর হামলা করে বেধড়ক মারপিট করে অভিযুক্তরা। বর্তমান নড়াইল জেলা সমন্বয়ক নেতা কাজী ইয়াজুর রহমানসহ আরও ১৩ জন শিক্ষার্থীকে রামদা, বাঁশের লাঠি, লোহার রড দিয়ে পিটিয়ে ও কুপিয়ে আহত করেন। এ সময় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছোড়া ও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

এর আগে নড়াইল সদর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গুলি, বোমা বিস্ফোরণ ও মারধর করার অভিযোগে সদর থানায় গত ১০ সেপ্টেম্বর মাশরাফীও তার বাবাসহ ৯০ জনের বিরুদ্ধে মামলা করেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ মোস্তফা আল-মুজাহিদুর রহমান পলাশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here