ইন্দোনেশিয়ায় বন্যায় ১০ জনের মৃত্যু

0
110

ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভার পার্বত্য অঞ্চলে আকস্মিক বন্যায় ভেসে যাওয়া ১০টি লাশ উদ্ধার করেছে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা। এ ছাড়াও এ ঘটনায় আরও দুজন নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) আল-জাজিরা প্রতিবেদন এ খবর জানিয়েছে।

পশ্চিম জাভা প্রদেশের সুকাবুমি জেলায় উদ্ধার অভিযানের প্রধান লেফটেন্যান্ট কর্নেল ইউদি হারিয়ান্তো জানিয়েছেন, জেলাটিতে গত সপ্তাহ থেকে প্রবল বৃষ্টি হওয়ার কারণে পার্শ্ববর্তী নদীগুলোর পানি উপচে পড়ে গ্রামে ঢুকে পড়ে।

তিনি জানান, ভূমিধস, আকস্মিক বন্যা ও প্রবল ঝোড়ো হাওয়ায় ১৭২টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ৩ হাজারের বেশি মানুষ তাদের বাড়ি ছেড়ে সরকারি আশ্রয়কেন্দ্রে থাকতে বাধ্য হয়েছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, চরম আবহাওয়ার কারণে ৪০০টিরও বেশি বাড়ি ঝুঁকিপূর্ণ হওয়ায় আরও এক হাজার মানুষকে সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এই দুর্যোগে ৩১টি সেতু, ৮১টি রাস্তা এবং ৫৩৯ হেক্টর ধানখেত নষ্ট হয়ে গেছে। এ ছাড়া ১ হাজার ১৭০টি বাড়ি পুরোপুরি পানির নিচে তলিয়ে গেছে।

স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, চরম আবহাওয়ায় আরও ৩ হাজার ৩০০টির বেশি বাড়ি ও ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সূত্র: আল-জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here