বাংলাদেশকে হারিয়ে ওয়ানডে সিরিজ জিতল ক্যারিবীয়রা

0
127

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ২২৮ রানের লক্ষ্য দিয়ে ৭ উইকেটের হারে সিরিজও খুইয়েছে টাইগাররা। মাত্র ৩৬.৫ ওভারেই বাংলাদেশের লক্ষ্য তাড়ায় সফল হয়েছে ক্যারিবীয়রা।

লক্ষ্য তাড়ায় শুরু থেকেই সঠিক কক্ষপথে ছিল ওয়েস্ট ইন্ডিজ। উদ্বোধনী জুটিতে কিং ও লুইস মিলে ১০৯ রান তোলেন। ব্যক্তিগত ২৮ রানে ব্যাট করা অবস্থায় মিরাজের বলে লং অনে ক্যাচ তুলেছিলেন লুইস। কিন্তু সহজ ক্যাচ হাত থেকে ফেলেছেন সৌম্য। ফলে ৭৯ রানে উইকেট নেয়ার সুযোগও হাতছাড়া হয় বাংলাদেশের। পরে ক্যারিবীয়দের উদ্বোধনী জুটি ভাঙে ২১তম ওভারে। টাইগার লেগস্পিনার রিশাদ হোসেন আক্রমণে আসতেই তার হাতে ক্যাচ দিয়েছেন লুইস। ৬২ বলে তিনি ফিরেছেন ৪৯ রান করে।

রানার বলে আউট হওয়ার আগে জয় প্রায় নিশ্চিত করে ফেরেন কিং। ৭৬ বলে ৮টি চার ও ৩টি ছক্কায় ৮২ রান করে তিনি টাইগার পেসারের দুর্দান্ত এক ইয়র্কার ডেলিভারিতে বোল্ড হয়েছেন। তখন অবশ্য উইন্ডিজদের জয় পেতে কেবল কিছু সময়েরই অপেক্ষা। কেসি কার্টিও নিজের ফিফটি পাওয়ার পথেই ছিলেন। কিন্তু আফিফের বলে ব্যাক-কভারে থাকা রানার হাতে তালুবন্দী হন কার্টি। এর আগে ৪৭ বলে তিনি ৪৫ রান করেন। পরবর্তীতে হোপ ১৭ ও শেরফান রাদারফোর্ড ২৪ রানে অপরাজিত থেকে বড় জয় নিশ্চিত করে উইন্ডিজদের।

এর আগে, টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের বোলারদের সামনে খেই হারায় বাংলাদেশ। ১১৫ রান তুলতেই তারা ৭ উইকেট হারিয়ে ফেলে। সেখান থেকে মাহমুদউল্লাহ-তানজিমের ৯২ রানের জুটি সফরকারীদের ২২৭ রানের পুঁজি এনে দেয়। মাহমুদউল্লাহর ব্যক্তিগত সর্বোচ্চ ৬২, তানজিদ তামিমের ৪৬ এবং তানজিম সাকিবের ৪৫ রানের ইনিংস ছাড়া বাকি ব্যাটাররা পুরোদমে ব্যর্থ। ফলে ৪৫.৫ ওভারেই অলআউট হয়ে যায় বাংলাদেশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here