মাসের ২৬ দিনই শুটিং সেটে কাটে তার। শুধু শুক্রবারটা রাখেন পরিবারের জন্য। অন্যান্য বছরের চেয়ে এ বছর তার ব্যস্ততার পরিমাণও বাড়ে দ্বিগুণ। নিজের ব্যস্ততা, কাজ ও দর্শকের ভালোবাসা সবকিছুই বেশ উপভোগ করছেন মডেল ও অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি।
তার ভাষ্যে, ব্যস্ততার পরিমাণ আগের চেয়ে অনেক বেড়েছে। মাসের ২৬ দিন শুটিং করি আর বাকি সময়টা পরিবারের সঙ্গে সময় কাটাই। সবকিছু মিলিয়ে দারুণ উপভোগ করছি।
হিমির সঙ্গে যখন কথা হয়. তখন তিনি বরিশালে একটি নাটকের শুটিং করছেন। তার সহশিল্পী হিসেবে রয়েছেন নিলয় আলমগীর। দুটি নাটকের শুটিং শেষ করে তবে ঢাকায় ফিরবেন বলে জানালেন।
প্রত্যেক শিল্পীর লক্ষ্যই তো থাকে নিজেকে একটা নির্দিষ্ট চূড়ায় নিয়ে যাওয়ার কিংবা গুণী নির্মাতা-শিল্পীর সঙ্গে কাজ করার। আপনার ক্ষেত্রে কি তা ভিন্ন এমন প্রশ্নে হিমি বলেন, ‘দেখুন, আমি যা পাওয়ার তা কিন্তু পেয়েছি। যখন আমার হাতে তেমন কোনো কাজ ছিল না তখন হয়তো এসব নিয়ে ভাবতাম কিংবা শুরুর দিকে এই ভাবনাটা আসা স্বাভাবিক। এখন আমি মাসের বেশিরভাগ সময়ই ব্যস্ত। আর যদি বলেন চূড়ার কথা, তাহলে বলব সবাই চায় ভালো ভালো কাজ করতে এবং তার কাজ যেন দর্শকরা পছন্দ করে, ফ্যান-ফলোয়িং তৈরি হয়! আমার কিন্তু সেটা হয়েছে। এই যেমন ধরেন, আমি বরিশালে শুটিং করতে এসেছি। এখানে আমাকে দেখতে মানুষজনের ভিড় জমে গেছে। এত পরিমাণ ভিড় যে, আমাকে আলাদা অন্য রুমে এনে রাখা হয়েছে। এটাই তো দর্শকের ভালোবাসা, এটা তো আমি পেয়েছি, পাচ্ছি। তবে হ্যাঁ, গুণী কিংবা শিল্পীর সঙ্গে কাজ করলে অনেক কিছু শেখা যায়। যেমনটা পেয়েছি মোশাররফ করিম ভাইয়ার কাছ থেকে। আমার তো আফরান নিশো ভাইয়ার সঙ্গে কাজ করার অনেক ইচ্ছা। কিন্তু কাজ হচ্ছে না। তাই বলে যে আফসোস করব, এমনটা না।’
কাজ না আসা নিয়ে আগে খারাপ লাগা কাজ করলেও এখন আর সেটা ম্যাটার করে না হিমির কাছে। তার জবাব, ‘কাজ কিন্তু আসছে। কিন্তু হ্যাঁ, আপনি যে রকম কাজের কথা বলছেন, সে রকম কাজ আসে না। আর সত্যি বলতে এগুলো নিয়ে ভাবার সময়ও পাই না আমি। আমি যা করছি, তাতেই ভীষণ খুশি। তবে হ্যাঁ, ইদানীং আমার হলিউডে কাজ করার প্রতি আগ্রহ বেড়েছে খুব। মাঝেমধ্যে অবসরে হলিউড সিরিজ, ফিল্ম দেখা হয়। সেগুলো দেখে ইচ্ছে জাগে, ইশ, যদি এই সিরিজ-ফিল্মগুলোতে অভিনয় করতে পারতাম! সম্প্রতি নেটফ্লিক্স সিরিজ ‘ব্রিজারটন’-এর দুটি সিজন দেখেছি। যেটা ব্রিটিশ পরম্পরার গল্পে বেশ সুন্দর একটা সিরিজ। এখানে ভালোবাসা-আবেগ সবকিছুই রয়েছে। এগুলো দেখার পর হলিউডে কাজের প্রতি আগ্রহ কাজ করছে। জানি না হবে কি না কখনো। কিন্তু স্বপ্ন দেখতে তো ক্ষতি নেই। বলতে পারেন এখন আগ্রহ, ইচ্ছা বা স্বপ্ন এটাই।’
অন্যরা এখন নাটকের চেয়ে ওটিটি কিংবা সিনেমায় ব্যস্ত হচ্ছেন। আপনাকে এই মাধ্যমে এখনো দেখা যায়নি কেন? হিমি বলেন, “ওই যে বললাম, আমার কাছে এসব কাজগুলো আসে না। আমাকে ডাকে না কেউ। আমাকে নিয়ে অনেককেই বলতে শুনি, ‘তুমি এত সুন্দর, উচ্চতাও ভালো, অভিনয়ও ভালো করো কিন্তু সিনেমাতে কাজ করো না কেন!’ তখন আসলে আমার কাছেও এর উত্তর থাকে না। ওটিটিতে চঞ্চল ভাইয়ের সঙ্গে একটি কাজ করেছিলাম অনেক দিন আগে। কাজটি ভারতীয় প্রতিষ্ঠান জি ফাইভের ছিল, পরে সেটা আর রিলিজ হয়নি। আমি কাজ করতে চাই কিন্তু এর জন্য আমার কাছে প্রস্তাব তো আসতে হবে।’
সামনে নতুন বছরের ভালোবাসা দিবস ঘিরেই এখন হিমির ব্যস্ততা। এর বাইরে রয়েছে ঈদের এবং নিত্যদিনের নিয়মিত কাজও।

