ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ইসলামি বক্তা গিয়াস উদ্দিন আত তাহেরীর মাহফিল থেকে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে এবং অজ্ঞাত আরও ১০/১৫ জনকে আসামি করা হয়। এ মামলায় ওয়াজ মাহফিলের আয়োজক মো. হানিফসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্য দুই আসামি হলেন গোলাম সামদানি ও রিমন মিয়া।
গ্রেপ্তারদের শনিবার (১৪ ডিসেম্বর) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
জানা যায়, শুক্রবার বিকালে উপজেলার মোগড়া ইউনিয়নের নিলাখাদ এলাকায় একটি ওয়াজ মাহফিল চলছিল। এতে ওয়াজ করছিলেন গিয়াস উদ্দিন আত তাহেরী। মাহফিল তাড়াতাড়ি শেষ করার কথা বলে আখাউড়া থানার এসআই বাবুলসহ পুলিশ সদস্যরা চলে আসেন। এরই মধ্যেই তাদের ওপর হামলা করা হয়। হামলায় এসআই বাবুলের মাথা ফেটে যায়। পরে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। তার মাথায় তিনটি সেলাই দেওয়া হয়।
এস আই বাবুল অভিযোগ করেন, মাহফিল থেকে তাহেরী পুলিশের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার পর পরই তাদের ওপর হামলা করা হয়।
এ বিষয়ে জানতে গিয়াস উদ্দিন আত তাহেরীর মোবাইলে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
আখাউড়া থানার পুলিশ পরিদর্শক ও অফিসার ইনচার্জ মো. ছমি উদ্দিন বলেন, অভিযান চালিয়ে ওয়াজ মাহফিলের আয়োজকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

