ঝটিকা মিছিলে ছাত্রলীগের লাইভ, প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

0
132

চলতি বছরে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে থাকা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতারা হঠাৎ করে সোমবার রাতে জামালপুরের ইসলামপুর উপজেলার গোয়ালেরচরে ঝটিকা মিছিল করে। ছাত্রলীগের ঝটিকা মিছিলের খবর ছড়িয়ে পড়লে জামালপুর শহরের বুড়ির দোকান মোড়ে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এতে শহরের প্রধান সড়কে সৃষ্টি হয় যানজটের।

জানা গেছে, সোমবার রাতে উপজেলার গোয়ালের চরের সভারচর এলাকায় ছাত্রলীগ ও আওয়ামী লীগের কিছু নেতাকর্মী একটি মিছিল করেন। গোয়ালেরচর ইউনিয়ন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো.আলমগীর হোসেনের ফেসবুক আইডি থেকে লাইভ করেন ওই মিছিল। এতে মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে ভিডিওটি।

মিছিলের ওই ভিডিওতে, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, ‘শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, ‘কে বলেরে মুজিব নাই, মুজিব সারা বাংলায়’ সহ বিভিন্ন স্লোগান দিতে থাকে।

এ খবর ছড়িয়ে পড়লে জেলাজুড়ে শুরু হয় উত্তেজনা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জামালপুর শহরের প্রধান সড়ক বুড়ির দোকান মোড়ে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধে শহরে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ সুপার ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। পুলিশ সুপারের আশ্বাসে অবরোধে তুলে নেন শিক্ষার্থীর।

ঘণ্টাব্যাপি অবরোধে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার আহ্বায়ক মীর ইসহাক হাসান ইখলাস, সদস্য সচিব আবিদ সৌরভ প্রমুখ।

বক্তারা বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন হয়েও ছাত্রলীগ প্রকাশ্যে মিছিলে করে। এ ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ করে তারা। তাই অতিদ্রুত এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করার দাবি জানিয়েছে ছাত্ররা। অন্যথায় কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, খুব অল্প সময়ের মধ্যে দোষীদের আইনের আওতায় আনা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here