মাইকেল চাকমার অভিযোগ আমলে নিয়ে তদন্ত শুরু হবে: চিফ প্রসিকিউটর

0
180

গুমের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্টাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) নেতা মাইকেল চাকমা।

বুধবার (১৮ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটরের কাছে এ অভিযোগ দাখিল করেন তিনি। পরে এই মৌখিক অভিযোগের প্রেক্ষিতেই তদন্ত শুরুর কথা জানায় প্রসিকিউশন টিম।

গণমাধ্যমকে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, তার মৌখিক বক্তব্যে আমরা নিশ্চিত হয়েছি যে শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনামলে তিনি গুমের শিকার হয়েছিলেন। আমরা মাইকেল চাকমার অভিযোগ আমলে নিয়েছি। এখন থেকেই তার অভিযোগের তদন্ত শুরু করব।

এ সময় মাইকেল চাকমার সঙ্গে আছেন আলোকচিত্রী শহিদুল আলম ও শহিদুল আলমের স্ত্রী অধ্যাপক রেহনুমা আহমেদ।

জানা গেছে, ২০১৯ সালের ৯ এপ্রিল নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকা থেকে সাংগঠনিক কাজ শেষে ঢাকায় ফেরার পথে মাইকেল চাকমা গুমের শিকার হন।

নারায়ণগঞ্জ থানায় অভিযোগ দায়ের ও মাইকেলের সন্ধান চেয়ে পরিবারের পক্ষ থেকে হাই কোর্টে রিট পিটিশন দাখিল করা হলেও তাকে উদ্ধারে কোনো পদক্ষেপ নেয়নি বিগত সরকার।

হাসিনা সরকারের পতনের পর দীর্ঘ ৫ বছর ৩ মাস পর গত ৭ আগস্ট অবরুদ্ধ দশা থেকে মুক্তি পান মাইকেল চাকমা। ওইদিন ভোরের দিকে চট্টগ্রামের একটি স্থানে তাকে চোখ বাঁধা অবস্থায় ছেড়ে দেওয়া হয়।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here