ভারতের রাজস্থানে কেমিক্যালবাহী ট্রাকের সঙ্গে গ্যাস ট্যাংকারের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে। শুক্রবার (২০ ডিসেম্বর) জয়পুর-আজমির মহাসড়ক সংলগ্ন ভানক্রোটায় এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।
বিষয়টি নিশ্চিত করে জয়পুর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা অমিত কুমার জানান, হতাহতের মোট সংখ্যা ১৪।রাসায়নিক পদার্থবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে এলপিজি গ্যাস ট্যাংকারের সঙ্গে সংঘর্ষ হলে আগুন লেগে যায়। এতে আশাপাশের প্রায় ৩০টি গাড়িতে অগ্নিকাণ্ড ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েক কিলোমিটার দূর থেকেও এই মারাত্মক আগুন দেখা যাচ্ছিল।
স্থানীয় হাসপাতালের তথ্য অনুযায়ী, প্রায় ৬০ শতাংশ ভুক্তভোগীর শরীরের অধিকাংশ পুড়ে গেছে।
চিকিৎসাধীন ২৮ জনের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।
এ বিষয়ে এসএমএস হাসপাতালের চিকিৎসক সুশীল কুমার ভাটি বলেন, ‘ঘটনাস্থলের পাশেই পেট্রোল পাম্প ছিল। সেখান থেকেই আগুন লেগেছে।’
দুর্ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন রাজস্থানের মূখ্যমন্ত্রী ভজনলাল শর্মা।
ভুক্তভোগীদের প্রতি সমবেদনা প্রকাশ করে মৃত প্রত্যেকের পরিবারকে দুই লাখ ও আহতদের চিকিৎসার জন্যে ৫০ হাজার রুপি করে সহায়তার ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে মোদি বলেন, ‘দুর্ঘটনায় মৃত্যুর খবর শুনে মর্মাহত হয়েছি। আহতেরা দ্রুত সেরে উঠুন-এই প্রার্থনা রইল।’
এদিকে মৃতের পরিবারের প্রতি সহানুভূতি জানিয়ে কংগ্রেস নেতা শচীন পাইলট দুর্ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।
দেশে ক্রমবর্ধমান গাড়ির সঙ্গে বিদ্যমান সড়ক নিয়ন্ত্রণব্যবস্থা তাল মেলাতে পারছে না বলে মত তার।
দুর্ঘটনার তদন্ত কার্যক্রম শুরুর বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। সূত্র: দ্য হিন্দু

