ইয়েমেনে সক্রিয় সশস্ত্র সংগঠন হুথির অস্ত্রের বহরে যুক্তরাষ্ট্র বিমান হামলা চালিয়েছে।
শনিবার ইয়েমেনের রাজধানী সানায় ইরানভিত্তিক এই বিদ্রোহী দলের ক্ষেপণাস্ত্র মজুদাগারে এই আক্রমণ চালানো হয়।
হামলার পর যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, হুথিরা লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ও বাণিজ্যিক জাহাজে আক্রমণ চালিয়েছে। তাদের কর্মকাণ্ডে বাধা দেওয়ার উদ্দেশ্যই এই আক্রমণ পরিচালনা করা হয়েছে।
এ ছাড়া লোহিত সাগরে হুথির বেশ কিছু ড্রোন ও জাহাজ আক্রমণকারী ক্রুজ মিসাইল প্রতিহত করার বিষয়টি নিশ্চিত করেছে এই বিবৃতি।
গত সপ্তাহেও হুথি কমান্ড কন্ট্রোলে আক্রমণ করেছিল যুক্তরাষ্ট্র।
এদিকে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) হুথি অধ্যুষিত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ইসরায়েল আক্রমণ চালায়। সশস্ত্র সংগঠনটির বিরুদ্ধে আক্রমণ জারি রাখবে বলে জানিয়েছে তেল আবিব।
লোহিত সাগরে লম্বা সময় যাবত শক্তিশালী প্রভাব বজায় রেখেছে হুথিরা। সমুদ্রের এই অংশে বাণিজ্যিক জাহাজগুলো আক্রমণের মাধ্যমে ইসরায়লে সঙ্গে বহির্বিশ্বের নৌ অবরোধ কায়েমের চেষ্টা করছে সশস্ত্র এই সংগঠন।
ফিলিস্তিনে বর্বর হামলার শিকার বাসিন্দাদের সঙ্গে একাত্বতা পোষন করতেই ইসরায়েলবিরোধী অবস্থান নিয়েছে হুথি সদস্যরা। সূত্র: রয়টার্স

