ঘন কুয়াশার কারণে নাটোরে ৬ ট্রাকের সংঘর্ষে ৭ জন আহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে নাটোর-বগুড়া সড়কের ডাল সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের তাৎক্ষণিকভাবে নাম-পরিচয় জানা যায়নি।
ঝলমলিয়া হাইওয়ে থানার এসআই সাদ্দাম হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোমবার সকালে নাটোর-বগুড়া সড়কের ডাল সড়ক এলাকায় বিপরীত দিক থেকে আসা ২টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘন কুয়াশার কারণে রাস্তায় চলাচলরত আরো ৪টি ট্রাক দুর্ঘটনাকবলিত ২টি ট্রাককে ধাক্কা দেয়। দুর্ঘটনাকবলিত ৫টি ট্রাক রাস্তায় ও ১টি ট্রাক খাদে পড়ে যায়। এতে ৭ জন গুরুতর আহত হন। ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। আহতদের একজনের অবস্থা আশঙ্কাজনক।

