সচিবালয়ে আগুন একটি ষড়যন্ত্র: সারজিস আলম

0
86

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, কুকুরের মরদেহ প্রমাণ করে সচিবালয়ের আগুন একটি ষড়যন্ত্র। আগুন শুধুমাত্র আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামের রুমে লাগানো হয়েছে।

বৃহস্পতিবার ঠাকুরগাঁও প্রেসক্লাবের হলরুমে জাতীয় নাগরিক কমিটির ঠাকুরগাঁও রাইজিং প্রোগ্রামে এ কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, সচিবালয়ে শেখ হাসিনা তার দাসদের বসিয়েছিলেন। গণঅভ্যুত্থানের আগে কিছু আমলা ঢাকার বিভিন্ন জায়গায় শেখ হাসিনার পক্ষে স্লোগান দিয়েছেন। তারা এখনো সচিবালয়ে চাকরি করছেন। তারা থাকলে সচিবালয় কীভাবে নিরাপদ থাকবে? তাদের চেয়ারে বসিয়ে রাখলে কোনো কাজ সুষ্ঠুভাবে হবে না। সচিবালয়ে এখনো দলীয় এজেন্ডা বাস্তবায়ন হচ্ছে।

তিনি আরো বলেন, গণঅভ্যুত্থানের আগে ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মিছিল দেখে আমাদের শরীর শিউরে উঠেছে। অথচ সেটাকে পুঁজি করে মামলা বাণিজ্য ও চাঁদাবাজি হচ্ছে। মামলায় নাম দেওয়ার সময় টাকা আবার মামলা থেকে নাম কাটার সময় টাকা নেয়া হচ্ছে। বড় বড় ব্যবসায়ীদের বাসায় ডেকে নিয়ে চাঁদাবাজি করা হচ্ছে। এসবের জন্য তো এত মানুষ নিহত হয়নি।

সারজিস আলম বলেন, নির্বাচনের সময় দীর্ঘ করে দেশকে নাজুক পরিস্থিতিতে নিয়ে যাওয়া যাবে না। গণঅভ্যুত্থানের এখনো ৫ মাস পার হয়নি। সরকারকে স্ট্যান্ডার্ড সংস্কারের সময় ও সুযোগ দিতে হবে। না হলে শেখ হাসিনা ও তার দোসররা এই সুযোগ কাজে লাগিয়ে পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করবেন।

জাতীয় নাগরিক কমিটির এ মুখ্য সংগঠক বলেন, এটি কোনো রাজনৈতিক দল নয়। এটি রাজনৈতিক শক্তি। বাংলাদেশে লিডারশিপ ধ্বংস করা হয়েছে। জাতীয় নাগরিক কমিটি আগামীতে ডিমান্ড অনুযায়ী দক্ষ নেতৃত্ব তৈরির প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এসব নেতৃত্ব আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here