শাহ আমানতে আড়াই কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার, উড়োজাহাজ জব্দ

0
87

দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের সিটের নিচ থেকে ২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। স্বর্ণের বারগুলোর ওজন ২ কেজি ৩০০ গ্রাম, যায় বাজার মূল্য ২ কোটি ৬০ লাখ টাকা।

বৃহস্পতিবার সকাল ৯টা ২৫ মিনিটে বিমানটি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পর তাতে তল্লাশি চালিয়ে ৯জে সিটের নিচ থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

এ ঘটনায় ওই উড়োজাহাজটি জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এছাড়া ৯জে সিটের যাত্রী আতিয়া সামিয়াকে আটক করা হয়েছে।

আটক আতিয়া সামিয়া রাজশাহী জেলার বোয়ালিয়া থানাধীন এলাকার বাসিন্দা। তার বাবার নাম মোহাম্মদ ইয়াসিন।

এ সম্পর্কে জানতে চাইলে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মিনহাজ উদ্দিন বলেন, ‘কাস্টমস আইনে আছে কোনো যানবাহন চোরাচালানের পণ্য পরিবহনে নিয়োজিত হলে সেটি জব্দ করা যাবে। ওই আইনের আলোকে আমরা উড়োজাহাজটি জব্দ করেছি। এই জব্দ মানে উড়োজাহাজটি আর চলাচল করতে পারবে না এমন না। এটি কাগজে কলমে জব্দ থাকবে। তদন্তের স্বার্থে আমর জব্দ করেছি। আমরা বিমান কর্তৃপক্ষের কাছে জানতে চাইব এই বিমানে কে পাইলট ছিলেন, ক্রুসহ সাপোর্ট স্টাফ কতজন ছিলেন। এর সঙ্গে তাদের কেউ জড়িত আছে কিনা। আমরা এগুলো খতিয়ে দেখতেই বিমানটি জব্দ করেছি। কারণ সিটের নিচে যেভাবে স্বর্ণের বারগুলো রাখা হয়েছে, সেটি অন্যের সহযোগিতা ছাড়া একজনের পক্ষে রাখা সম্ভব না।’

তিনি আরও বলেন, ‘ঘটনায় ওই সিটের যাত্রী আতিয়া সামিয়াকে আটক করা হয়েছে। পরে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করলে তিনি অনলাইন স্বর্ণ ব্যবসার সঙ্গে জড়িত মর্মে মৌখিকভাবে স্বীকার করেন এবং তার ভিজিটিং কার্ডেও একই ধরনের তথ্য পেয়েছি। তাকে পতেঙ্গা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here