মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ইউপি সদস্য ও তার ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন।
শুক্রবার (২৭ ডিসেম্বর) ভোরে কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের ভাদুরী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ইউপি সদস্য আতাউর রহমান আক্তার শিকদার (৪৮) ও তার ছেলে মারুফ শিকদার। (২০)। এই দুজনকে কুপিয়ে হত্যা করা হয়। এছাড়া সংঘর্ষে আহত ইউপি সদস্যের কর্মী সিরাজুল ইসলাম চৌকিদার (৩৫) ঢাকা নেওয়ার পথে মারা যান। আক্তার শিকদারের বিরুদ্ধে হত্যাসহ বেশ কয়েকটি মামলা আছে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। ঘটনাস্থল থেকে বেশকিছু আলামত পাওয়া গেছে। এ ব্যাপারে তদন্ত চলছে, নাম সংগ্রহ করছে একাধিক টিম। কাউকে ছাড় দেওয়া হবে না।

