গায়েব হচ্ছে ভেবে দুই ট্রাক নথিপত্র আটকে দিল জনতা

0
86

সচিবালয়ের নথি সন্দেহে বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদফতরের পুরোনো নথিপত্র নিয়ে যাওয়া দুটি ট্রাক আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

শুক্রবার রাতে সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের কাগাশুরা বাজারে এ ঘটনা ঘটে। পরে ট্রাক দুটি শিক্ষা প্রকৌশল অধিদফতরের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

স্থানীয়রা জানান, সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অনেক গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে। যখন দুই ট্রাক বোঝাই পুরোনো নথি এই এলাকা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল তখনই সবার মনে সন্দেহ জাগে। বাজারের মধ্যদিয়ে এতো কাগজ এর আগে কখনো নদীর ধারে নিতে দেখেনি কেউ। ট্রাক আটক করার পর গাড়ির চালক এগুলো সরকারি নথি এবং পোড়ানো হবে জানালে জনতা পুলিশে খবর দেয়।

ট্রাকচালক জানান, তারা শিক্ষা প্রকৌশল অধিদফতর থেকে এসব নথি নিয়ে এসেছেন। ওই দফতরের লোকজনই তাদের ট্রাকে মালামাল উঠিয়ে দিয়েছে।

চরবাড়িয়া ইউনিয়নের বাসিন্দা জিয়াউল ইসলাম সাবু বলেন, সচিবালয়ে আগুন দিয়ে নথিপত্র পুড়িয়ে ফেলার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মাঝে সন্দেহ হয় সেই ধরনের কোনো ঘটনা কিনা। এ কারণে তারা ট্রাক দুটি আটকে পুলিশে খবর দেয়। পুলিশ এসে সংশ্লিষ্ট দফতর প্রধানকে বিষয়টি জানায়। এরপর ঘটনাস্থলে এসে নির্বাহী প্রকৌশলী সবাইকে বলেন, এগুলো বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদফতরের পুরোনো কাগজ এবং আসবাবপত্র। পুড়িয়ে ফেলার জন্য পাঠানো হয়েছিল। বিষয়টি বিশ্বাসযোগ্য হওয়ার পর ট্রাক দুটি ছেড়ে দেয় স্থানীয় জনতা।

কাউনিয়া থানার পুলিশ সদস্য আনিসুর রহমান বলেন, স্থানীয় জনতা কাগজপত্র দেখে ঢাকা সচিবালয়ের কাগজ সন্দেহ করে আটক করেছিলেন। পরে শিক্ষা প্রকৌশল অধিদফতরের বক্তব্য ও কাগজপত্র তল্লাশি করে আপত্তিজনক কিছু না পাওয়ায় লিখিত বক্তব্য নিয়ে ট্রাক ছেড়ে দেওয়া হয়েছে।

বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মো শহিদুল ইসলাম বলেন, ১৯৯২ সালের পর থেকে জমা হওয়া বিভিন্ন সিডিউলের ফটোকপি অফিসে জমা হয়েছিল। রুম খালি করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে নথিগুলো পুড়িয়ে ফেলার জন্য ময়লার ভাগাড়ে পাঠানো হয়েছিল। কিন্তু সেগুলো ভাগাড়ে না নিয়ে ভাড়াটে শ্রমিকরা বিক্রির উদ্দেশ্যে অন্য কোথাও নিয়ে যায়। পরে জনতা আটক করলে পুলিশের সহায়তায় আবার ফিরিয়ে আনা হয়েছে। পরবর্তীতে জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

তিনি বলেন, পুরোনো মালামাল নিলামে বিক্রির নিয়ম থাকলেও নথি নিলামে বিক্রির নিয়ম নেই। এগুলো পুড়িয়ে ফেলতে হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here