ভিডিও শেয়ারিং অ্যাপলিকেশন টিকিটক নিষিদ্ধ না করতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোটের প্রতি আহ্বান জানিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আসন্ন নতুন প্রশাসন এই দ্বন্দ্ব রাজনৈতিকভাবে সমাধান করতে চায় বলে জানান তিনি।
শনিবার (২৮ ডিসেম্বর) বার্তাসংস্থা রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
গত এপ্রিলে যুক্তরাষ্ট্রের কংগ্রেস ২০২৫ সালের ১৯ জানুয়ারির মধ্যে টিকটকের মালিকানা প্রতিষ্ঠান বাইট ড্যান্সকে দেশটির আদালতে আবেদন করার নির্দেশ দেয়। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন না করলে যুক্তরাষ্ট্রে টিকটকের কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে বলে জানা যায়।
এ পরিস্থিতিতে ট্রাম্পের বক্তব্যে আশার আলো দেখছে চীনা প্রতিষ্ঠান বাইট ড্যান্স।
প্রায় ১৭০ মিলিয়ন মার্কিন নাগরিক নিয়মিত টিকটক ব্যবহার করেন।
আদালত টিকটকের পক্ষে রায় না দিলে বড় ধরণের বাণিজ্যিক ক্ষতির মুখে পড়বে প্রতিষ্ঠানটি।
এদিকে ২০২০ সালে টিকটকের বিরুদ্ধে অবস্থান নিলেও বর্তমানে দেশে এই অ্যাপলিকেশন চালু রাখতে আপত্তি নেই ট্রাম্পের। সম্প্রতি টিকটকের সিইও শোউ জি চিউয়ের সঙ্গে বৈঠকের পর ট্রাম্পের মত পাল্টেছে।
এ বিষয়ে ট্রাম্পের আইনজীবী ড. জন সওয়ের বলেন, ‘রাষ্ট্রের সঙ্গে টিকটকের চলমান দ্বন্দ্বে কোনো ধরণের বাড়তি জটিলতা আনতে চান না ট্রাম্প। শুধু আদালতের কাছে তার বিনীত অনুরোধ, মামলার রায় অভিষেকের পরে দিলে সমস্যাটির একটি রাজনৈতিক সমাধান খোঁজা সম্ভব হবে।’
এদিকে টিকটকের বিরুদ্ধে আইনি জটিলতা সৃষ্টি হওয়াও বাকস্বাধীনতা নিয়ে শঙ্কা জেগেছে মার্কিন নাগরিকদের মধ্যে।
তবে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের দাবি, চীনা মালিকানাধীন হওয়ায় টিকটকের মাধ্যমে দেশের সংবেদনশীল তথ্য পাচার হয়ে যেতে পারে।
এই অভিযোগ প্রত্যাখান করেছে টিকটক। তারা জানায়, তাদের তথ্য সংরক্ষণকেন্দ্র যুক্তরাষ্ট্রেই অবস্থিত। সূত্র: রয়টার্স

