বৈষম্যবিরোধী আন্দোলন থেকে বিয়ের পিঁড়িতে

0
97

বরগুনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে পরিচয় হয় একই জেলার দুই শিক্ষার্থী মীর রিজন মাহমুদ নিলয় ও ফৌজিয়া তাসনীন আনিকার। একদিকে যেমন আন্দোলন জোড়ালো হতে থাকে সঙ্গে সঙ্গে তাদের মধ্যে ভালোবাসাও গভীর হতে থাকে। অবশেষে হয়েছেন একে অন্যের জীবনসঙ্গী।

শুক্রবার আন্দোলনের প্রায় পাঁচ মাস পর বিয়ের পিঁড়িতে বসে প্রেমের পূর্ণতা দেন নিলয় ও আনিকা।

বৈষম্যবিরোধী আন্দোলনে দেশের হাজার মানুষ শহিদ হলেও এ দুজন খুঁজে পেয়েছেন নিজেদের পছন্দের জীবনসঙ্গী। তবে দেশের স্বার্থে যেকোনো প্রয়োজনে আবারও সদা প্রস্তুত থাকবেন বলে জানিয়েছেন তারা।

এ বিষয়ে নবদম্পতি জানান, পাঁচ আগস্ট থেকে তাদের মধ্যে ভালো লাগা শুরু হয়। এরপর ২৫ আগস্ট বিষয়টি তারা তাদের দুই পরিবারকে জানালে উভয় পরিবার তাদের ভালোবাসায় সম্মতি দেয়।

তাদের ভালোবাসা সম্পর্কে নিলয় বলেন, ‘আন্দোলনের মাধ্যমেই আমার ও আনিকার পরিচয় হয়। তবে আগে দূর থেকে চিনলেও কখনও ওর সঙ্গে কথা হয়নি। আন্দোলনের এক পর্যায়ে ওর সঙ্গে আমার কথা বলা শুরু হয়। তবে তখনও কোনো প্রেমের সম্পর্ক ছিল না।’

তিনি আরও বলেন, ‘পাঁচ আগস্ট যখন আমরা একত্রে বিজয় মিছিলে আনন্দ-উল্লাস করছিলাম তখন মূলত আমাদের মধ্যে ভালোলাগা শুরু হয়। ছাত্র জনতার আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার যে সাহসিকতা ওর মধ্যে ছিল এটিই মূলত আমাকে মুগ্ধ করেছে।’

অন্যদিকে আনিকা বলেন, ‘আন্দোলনের সময় নিলয়ের সঙ্গে পরিচয় হয়। সেসময় আন্দোলন নিয়ে আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে কথা হত। তখন থেকেই সাহস এবং সততা দেখে নিলয়ের ওপর আমি দুর্বল হই। পাঁচ আগস্ট বিজয় মিছিলে আমার প্রতি ওর আলাদা যত্ন দেখে দুর্বলতা আরও বেড়ে যায়।’

অনিকা আরও বলেন, ‘আমরা এখনও শিক্ষার্থী। দুজনকেই একত্রে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং সফল হতে হবে। আমরা সবসময় নিরপেক্ষ থেকে দেশকে ভালোবাসবো।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here