মানিকগঞ্জে সদর উপজেলায় পৃথক স্থান থেকে দুই অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৩০ ডিসেম্বর) সকালে সদর উপজেলার নারাঙ্গাই এলাকার ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের (এনপিআই) সামনে পিঠার দোকান থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়। এরপর সদর উপজেলার জাগীর ইউনিয়নের পুলিশ ক্যাম্প এলাকার মান্নান মোল্লার ভাড়াবাড়ি থেকে আরও একটি অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
পিঠার দোকানের মালিক মো. শহিদ জানান, রোববার (২৯ ডিসেম্বর) সন্ধ্যার দিকে তিনি ওই অজ্ঞাত ব্যক্তিকে তার দোকানের পাশ দিয়ে ঘুরতে দেখেছিলেন। পরে রাত ১০টার দিকে তিনি দোকান বন্ধ করে বাড়ি চলে যান। দোকানের চারপাশ খোলা থাকায়, মনে হয় ওই ব্যক্তি রাতে দোকানের ভেতরে এসে ঘুমিয়েছিলেন।
অন্যদিকে, পুলিশ ক্যাম্প এলাকার বাসিন্দা রিপন মিয়া জানান, মরদেহের দুর্গন্ধ এলাকায় ছড়িয়ে পড়লে পুলিশ এসে মান্নান মোল্লার বাড়াবাড়ি থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করে। এর আগে ২২ ডিসেম্বর অজ্ঞাত ব্যক্তিসহ তিনজন মান্নান মোল্লার বাড়ির একটি ইউনিট ভাড়া নেন। মালিকপক্ষ তাদের ঘর বুঝিয়ে দেওয়ার পরদিন থেকে সে বাসায় তালা ঝুলছিল। অজ্ঞাত মৃত ব্যক্তি বাসা ভাড়া নেয়া ব্যক্তিদের একজন। ভাড়া নেয়া বাসাটি থেকেই অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। বাসা ভাড়া নেয়ার সময় বাড়ির মালিককে কোনো জাতীয় পরিচয়পত্র জমা না দেওয়ায় তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
মানিকগঞ্জ সদর থানার ওসি এস এম আমানুল্লাহ জানিয়েছেন, পৃথক মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাদের পরিচয় শনাক্তকরণের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

