মেক্সিকোর গোপন কবরে ১৫ মরদেহের সন্ধান

0
80

মাদক কারবারি চক্রের সহিংসতায় জর্জরিত মেক্সিকোর দক্ষিণ-পূর্বাঞ্চলীয় চিয়াপাস রাজ্যে গোপন কবর থেকে অন্তত ১৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। রাজ্যের গভর্নর এডুয়ার্ডো রামিরেজ এ তথ্য নিশ্চিত করেছেন।

রবিবার (২৯ ডিসেম্বর) বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

গত শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে গুয়াতেমালার কাছে কৃষি অঞ্চল ফ্রেইলেস্কায় স্থিতিশীলতা পুনরুদ্ধারে পরিচালিত অভিযানের বিষয়ে বিস্তারিত বিবরণ দিয়েছেন গভর্নর এডুয়ার্ডো। তিনি জানান, অঞ্চলটিতে প্রতিদ্বন্দ্বী মাদক চক্রগুলো ব্যাপক রক্তক্ষয়ী সহিংসতায় জড়িয়ে পড়েছে। দুর্ভাগ্যবশত দুটি ব্যক্তিগত জমির গোপন কবরে এখন পর্যন্ত ১৫টি মরদেহ পাওয়া গেছে।

তিনি আরও বলেন, অস্ত্র, যানবাহন ও মাদকদ্রব্যও জব্দ করা হয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে চারজন গ্রেপ্তার হয়েছেন। তবে তাদের বিরুদ্ধে ১৫ জনের মৃত্যুর সঙ্গে জড়িত থাকার কোনো অভিযোগ রয়েছে কি না, সে ব্যাপারে কিছু বলেননি তিনি।

মেক্সিকোর মাদক কারবারি চক্রের সহিংসতা মাদক পাচারের রুট, সীমান্ত ও প্রবেশ বন্দরগুলো বা তার আশপাশে হয়ে থাকে। দেশটিতে ২০০৬ সালে বিতর্কিত মাদকবিরোধী অভিযান শুরুর পর থেকে ৪ লাখ ৪৫ হাজার মানুষ নিহত এবং কয়েক লাখ নিখোঁজ হন। সূত্র: এএফপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here