সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদকে আরও ৩ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে তাকে সিলেট অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। এসময় গত বছরের ৫ আগস্ট পরবর্তী একটি হত্যা মামলার ৭ নং আসামি হিসেবে গ্রেপ্তার দেখানোর আবেদনের প্রেক্ষিতে এ নির্দেশন দেন বিজ্ঞ বিচারক।
এছাড়া গোয়াইনঘাটের আরও দুটি মামলায় আজ পৃথক দুটি আদালতে সাবেক এই মন্ত্রীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর মধ্যে একটি ট্রিপল হত্যা মামলা।
বাংলাদেশের খবরকে এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের অ্যাসিস্টান্ট পাবলিক প্রসিকিউটর (এপিপি) আলী হায়দার ফারুক।
আদালত সূত্র জানায়, শেখ হাসিনা পতনের আন্দোলনে সিলেট মহানগরের কিনব্রিজ এলাকায় ছাত্র-জনতার ওপর হামলা করা হয়। এতে পঙ্কজ নামের এক ছাত্র মারা যান। ৫ আগস্টের পর এ ঘটনায় দায়েরকৃত মামলায় ৭ নম্বর আসামি করা হয় সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদকে।
বুধবার সকালে তাকে আদালতে তুলে সেই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। পাশাপাশি আদালতে তার পক্ষের আইনজীবি জামিনের আবেদনও করেন। তবে বিজ্ঞ বিচারক সেটি নামঞ্জুর করেন।
সিলেট-৪ আসনের পাঁচবার সংসদ সদস্য হয়েছেন ইমরান আহমদ। ২০১৮ সালে তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। পরের বছর তাকে এই মন্ত্রণালয়ের মন্ত্রী করেছিলেন শেখ হাসিনা। গত বছর ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপর পর থেকে আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্যদের গ্রেপ্তার করা হয়। এরই ধারাবাহিকতায় গত ২১ অক্টোবর রাতে রাজধানী ঢাকার বনানী থেকে ইমরান আহমদকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

