তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনের কারাদণ্ডের রায় আপিলে স্থগিত

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ মঙ্গলবার (৪ মার্চ) এই আদেশ দেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়ে এই আদেশ দেন আদালত।

0
77
ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে অর্থ পাচার মামলায় সাত বছরের কারাদণ্ড দিয়েছিলেন উচ্চ আদালত। হাইকোর্টের ওই রায় স্থগিত করেছেন আপিল বিভাগ।

আদালতে তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনের পক্ষে ছিলেন কায়সার কামাল ও মো. জাকির হোসেন। আর দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী মো. আসিফ হাসান।

মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১৭ নভেম্বর বিচারিক আদালত তারেক রহমানকে খালাস এবং গিয়াসউদ্দিন আল মামুনকে সাত বছরের কারাদণ্ড দেন। সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগের মামলায় দেওয়া ওই রায়ের বিরুদ্ধে আপিল করে দুদক। দুদকের করা ওই আপিলের শুনানি শেষে ২০১৬ সালে হাইকোর্ট বিচারিক আদালতের রায় বাতিল করে তারেক রহমানকে সাত বছরের কারাদণ্ড দেন। রায়ে গিয়াসউদ্দিন আল মামুনের সাত বছরের কারাদণ্ডও বহাল রাখেন। পাশাপাশি দুজনকে ২০ কোটি টাকা করে জরিমানা করা হয়।

হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে আবেদন করেন গিয়াসউদ্দিন আল মামুন। ওই আবেদনের শুনানি শেষে মঙ্গলবার আপিলের অনুমতি দেন সর্বোচ্চ আদালত। আদেশে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেন আপিল বিভাগ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here