২০২৩ সালের সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে পুলিশের ওপর হামলা ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে শাহবাগ থানার একটি মামলা থেকে সুপ্রিম কোর্ট বার কাউন্সিলরের সভাপতি ও সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এবং অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজলসহ সুপ্রিম কোর্টের ১৪ আইনজীবীকে অব্যাহতি দিয়েছেন আদালত।
রবিবার (১৯ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে মামলার দায় থেকে তাদের অব্যাহতি দেন। এর আগে মামলার তদন্তে তাদের বিরুদ্ধে কোনও সাক্ষ্য প্রমাণ না পেয়ে গত বছরের ৩০ জুন অব্যাহতির সুপারিশ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ।
মামলার অভিযোগ থেকে জানা গেছে, ২০২৩ সালের ১৫ মার্চ সুপ্রিম কোর্ট বার সমিতি নির্বাচনে হট্টগোল এবং পুলিশের উপর হামলা ও পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় পরের দিন এ এম মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজলসহ সুপ্রিম কোর্টের ১৪ আইনজীবীকে আসামি করে শাহবাগ থানায় একটি মামলা করেন একই থানার উপপরিদর্শক (এসআই) গোলাপ উদ্দিন মাহবুব।