ঈদ উপলক্ষে আটদিন বন্ধ থাকবে শেরপুরের স্থলবন্দর

নাকুগাঁও স্থলবন্দরের আমদানি-রপ্তানি ও লোড-আনলোডসহ সকল কার্যক্রম শনিবার (২৯ মার্চ) থেকে শনিবার (৫ এপ্রিল) পর্যন্ত টানা আটদিন বন্ধ থাকবে।

0
85
ছবি: সংগৃহীত

ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর টানা আটদিন বন্ধ থাকবে। তবে, ঈদের দিনসহ প্রতিদিন নাকুগাঁও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধ পাসপোর্টধারীদের যাতায়াত ব্যবস্থা স্বাভাবিক থাকবে।

স্থলবন্দরের তথ্যমতে, মুসলমানদের বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে নাকুগাঁও স্থলবন্দরের আমদানি-রপ্তানি ও লোড-আনলোডসহ সকল কার্যক্রম শনিবার (২৯ মার্চ) থেকে শনিবার (৫ এপ্রিল) পর্যন্ত টানা আটদিন বন্ধ থাকবে। আগামী রবিবার (৬ এপ্রিল) থেকে এ বন্দর দিয়ে ফের আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম শুরু হবে।

নাকুগাঁও স্থলবন্দরের আমদানি-রফতানিকারক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল বলেন, ঈদুল ফিতর উপলক্ষে ভারত, ভুটান ও বাংলাদেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত মতে, ২৯মার্চ থেকে ৫এপ্রিল পর্যন্ত টানা আটদিন নাকুগাঁও স্থলবন্দরের সকল ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকবে।

নাকুগাঁও স্থলবন্দরের অতিরিক্ত পরিচালক (এডি) জাহিদুল ইসলাম বলেন, ব্যবসায়ীদের সাথে আলোচনার মাধ্যমে নাকুগাঁও স্থলবন্দর আটদিন অর্থাৎ ২৯মার্চ থেকে ৫এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। তবে, ঈদের দিনসহ প্রতিদিন ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধ পাসপোর্টধারীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। এতে যাত্রী পারাপারে কোন প্রকার সমস্যা হবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here