দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলা নববর্ষ উদযাপনের নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিজস্ব ব্যবস্থাপনায় ‘উৎসবমুখর পরিবেশে’ ও ‘সাড়ম্বরে’ পহেলা বৈশাখ উদযাপন করতে হবে।
চিঠিতে বলা হয়েছে, ‘বাংলা নববর্ষ ১৪৩২’ উদযাপন উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে গত ২৩ মার্চ চিঠি পাঠানো হয়েছে। এ চিঠির নির্দেশনা অনুযায়ী, অধিদপ্তরের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে নিজস্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে ও সাড়ম্বরে বাংলা নববর্ষ উদযাপনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হলো।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ সিদ্ধান্ত বাস্তবায়ন করবে।
মাউশির সাধারণ প্রশাসন শাখার সহকারী পরিচালক মো. খালিদ হোসেন বলেন, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সভায় সব শিক্ষাপ্রতিষ্ঠানে নিজস্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে ও সাড়ম্বরে বাংলা নববর্ষ উদযাপনের সিদ্ধান্ত হয়েছে। ওই সভার কার্যবিবরণী পাঠিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে দিবসটি উদযাপনের ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

