সারাদেশে আজ থেকে শুরু হওয়া এসএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নফাঁস ঠেকাতে সব ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং এটাই টপ প্রায়োরিটি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল (সি আর) আবরার।
শিক্ষা উপদেষ্টা বলেন, ‘আমরা আগে থেকেই সতর্ক ছিলাম। যেসব সূত্র বা উৎস দিয়ে প্রশ্ন বের হয়ে যায়, ফাঁস হয়; সেসব উৎসে আমাদের কঠোর নজরদারি ছিল, আছে এবং থাকবে। প্রশ্নফাঁস ঠেকানোকে আমাদের টপ প্রায়োরিটি এরিয়া হিসেবে দেখেছি। এটা রোধে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি।’
তিনি বলেন, এসএসসি ও সমমান পরীক্ষায় এবার সোয়া ১৯ লাখেরও বেশি পরীক্ষার্থী। তাদের জন্য ভালো পরিবেশে পরীক্ষার আয়োজন করাটাও বিশাল এক কর্মযজ্ঞ। এটা শুধু শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা প্রশাসন দিয়ে সুষ্ঠুভাবে পরিচালনা সম্ভব নয়। দেশের প্রায় সব অংশীজনের সহযোগিতা প্রয়োজন। আজ পরীক্ষাটা শুরু হলো; এটা এক মাস চলবে। সবার সহযোগিতা নিয়ে আমরা পরীক্ষাটা শেষ করতে চাই।
সি আর আবরার বলেন, এ ধরনের পাবলিক পরীক্ষায় যে ধরনের ব্যত্যয় মাঝেমধ্যে ঘটে যায়, সেটা যেন না ঘটে; সেদিকে আমরা সতর্ক ছিলাম। আশা করছি, সুন্দর ও নিরাপদ এ পরিবেশ বজায় থাকবে। পরীক্ষা সবে শুরু, ছাত্র-ছাত্রীরা পরীক্ষা দিচ্ছে। এটা শেষ হবে আগামী মাসে। সে পর্যন্ত আমরা সতর্ক থাকবো।
এসময় ফেসবুকে প্রশ্নফাঁস জাতীয় গুজব না ছড়ানোর আহ্বান জানান শিক্ষা উপদেষ্টা। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে প্রশ্নফাঁসের গুজব ছড়ায়। তাদের প্রতি অনুরোধ থাকবে এমন কাজ করবেন না।
তিনি আরও বলেন, এ পরীক্ষা অনেক প্রস্তুতির পর অনুষ্ঠিত হয়। শিক্ষার্থী-অভিভাবক সবাই এক ধরনের চাপে থাকেন। সুতরাং গুজব ছড়িয়ে তাদের চাপটা দয়া করে আর বাড়াবেন না।


