ইসরায়েলকে সংকটে ফেলতে পারেন নেতানিয়াহু: প্রাক্তন গোয়েন্দা প্রধান

0
69
ছবি: সংগৃহীত

ইসরায়েল সিকিউরিটি এজেন্সি (ISA)-এর প্রাক্তন পরিচালক এবং নৌবাহিনীর প্রাক্তন কমান্ডার-ইন-চিফ আমি আয়ালন বলেছেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দেশের নিয়ন্ত্রণ ও ভারসাম্য ব্যবস্থা নষ্ট করার পদক্ষেপের কারণে ইসরায়েল তীব্র রাজনৈতিক সংকটের মুখোমুখি হতে পারে।

ব্রিটিশ ফিনান্সিয়াল টাইমসকে তিনি বলেন, চার বছর পর ইসরায়েল কেমন হবে, তা আমি বর্ণনা করতে পারব না। পুরো ইসরায়েলি সমাজের মধ্যে একটি পরিচয় সংকট রয়েছে। আর এই কারণেই, যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন, আমরা এখন যা কিছুর সম্মুখীন হচ্ছি, তা হল একটি অস্তিত্বগত সংকট।

তার মতে, নেতানিয়াহুর সবচেয়ে বিপজ্জনক পদক্ষেপের মধ্যে রয়েছে ইসরায়েলি বিচার ব্যবস্থার সংস্কারের পদক্ষেপ, যা বিচারক নিয়োগ সংশ্লিষ্ট বিষয়ে সরকারকে আরও নিয়ন্ত্রণ দেবে।

সেই সঙ্গে আইএসএ পরিচালক রোনেন বারকে দ্রুত বরখাস্ত করা এবং নেতানিয়াহু ও তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে দুর্নীতিবিরোধী তদন্তের মধ্যে অ্যাটর্নি জেনারেল গালি বাহারভ-মিয়ারাকে প্রতিস্থাপনের জন্য একটি প্রক্রিয়া চালু করার কথাও উল্লেখ করেন আয়ালন।

আইএসএ’র প্রাক্তন পরিচালক বিশ্বাস করেন, নেতানিয়েহু তার ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য গাজা যুদ্ধকে কাজে লাগানোর লক্ষ্যে কাজ করছেন। কারণ তিনি বুঝতে পারেন, শান্তি প্রতিষ্ঠিত হলে তার ডানপন্থী জোট সরকার ভেঙে পড়বে।

ইসরায়েল গাজায় সমস্ত লক্ষ্য আগেই অর্জন করেছে উল্লেখ করে তিনি বলেন, ৭ অক্টোবরের পর আমাদের কাছে (হামাসের সঙ্গে যুদ্ধ ছাড়া) আর কোন বিকল্প ছিল না। কিন্তু পাঁচ বা ছয় মাস পর এটা স্পষ্ট হয় যে, আমরা সমস্ত সামরিক লক্ষ্য অর্জন করেছি। আজ আমরা যা দেখছি। তা সম্পূর্ণরূপে একটি রাজনৈতিক যুদ্ধ। কারণ এই যুদ্ধ শেষ হওয়ার মুহুর্তেই নেতানিয়াহুর জোট আর থাকবে না।

১৮ মার্চ ইসরায়েলি বাহিনী গাজায় পুনরায় আগ্রাসন শুরু করে, প্রচণ্ড হামলা চালায়। দখলদার বাহিনী এর মধ্য দিয়ে জানুয়ারিতে সম্পাদিত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here