কে হতে যাচ্ছেন পোপ ফ্রান্সিসের উত্তরসূরি, আলোচনায় যারা

কয়েক শতাব্দী ধরে চলে আসা এক জটিল প্রক্রিয়া মেনে অতিগোপনে নতুন পোপ নির্বাচন করা হয়

0
60
ছবি: সংগৃহীত

ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয়গুরু পোপ ফ্রান্সিস মারা গেছেন। সোমবার ভ্যাটিকানের কাসা সান্তা মার্তায় নিজ বাসভবনে তার মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিল ৮৮ বছর। পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর তার উত্তরসূরি নির্বাচন নিয়ে সারাবিশ্বে আগ্রহ দেখা যাচ্ছে। কয়েক শতাব্দী ধরে চলে আসা এক জটিল প্রক্রিয়া মেনে অতিগোপনে নতুন পোপ নির্বাচন করা হয়।

পোপ ফ্রান্সিসের পরবর্তী নেতা নির্বাচনের জন্য ইতোমধ্যেই বেশ কয়েকজন সম্ভাব্য প্রার্থীকে সামনে আনা হয়েছে। নিচে সেই প্রার্থীদের কিছু বিশদ পরিচিতি দেওয়া হলো-

পিয়েত্রো প্যারোলিন (ইতালি), ভ্যাটিকানের সেক্রেটারি অব স্টেট
প্যারোলিন মূলত ভ্যাটিকানের কূটনীতিক। ৭০ বছর বয়সী ইতালির এই নাগরিক ২০১৩ সাল থেকে পোপ ফ্রান্সিসের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। এই পদে দায়িত্ব পালনকারীদের ডেপুটি পোপ বলা হয়। এই পদ প্রধানমন্ত্রীর সমমর্যাদার।

পোপ বেনেডিক্টের অধীনে তিনি ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। নম্রভাষী প্যারোলিনের যাজকীয় অভিজ্ঞতা কম। তবে, তিনি বেশ কটি ভাষা জানেন। এটা তাঁকে পোপ হওয়ার দৌড়ে এগিয়ে রাখবে। তাঁকে উদার ও রক্ষণশীলদের মধ্যবর্তী আপস প্রার্থী মনে করা হয়।

পিয়েরবাত্তিস্তা পিজাবাল্লা (ইতালি), ল্যাটিন প্যাট্রিয়ার্ক অব জেরুজালেম
পিজাবাল্লা বর্তমানে জেরুজালেমের ল্যাটিন প্যাট্রিয়ার্ক, মধ্যপ্রাচ্যে ক্যাথলিক সম্প্রদায়ের নেতা হিসেবে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তিনি পূর্ববর্তী পোপদের কাছ থেকে প্রশিক্ষণ লাভ করেছেন এবং ২০২৩ সালে কার্ডিনাল হিসেবে নির্বাচিত হন। তিনি ফিলিস্তিন, ইসরায়েল, জর্ডান এবং সাইপ্রাসে ক্যাথলিকদের জন্য কাজ করেছেন এবং বিশ্ব শান্তির পক্ষে শক্তিশালী সমর্থক হসেবে কাজ করছেন।

ম্যাটেও মারিয়া জুপ্পি (ইতালি), বোলোগনার আর্চবিশপ
এখন পর্যন্ত ২৬৬ জন পোপ হয়েছেন। তাদের মধ্যে ২১৭ জনই ইতালির নাগরিক। এবার নতুন পোপ হওয়ার যাদের সম্ভাবনা রয়েছে, ইতালির নাগরিক মাত্তেও মারিয়া জুপ্পি তাদের অন্যতম। ফ্রান্সিসের সঙ্গে ৬৯ বয়সী বোলোগনার এই আর্চবিশপের ঘনিষ্ঠতা ছিল। এ কারণে তাকে “ইতালির বারগোগ্লিও” বলা হয়।

জর্জ বারগোগ্লিও প্রয়াত পোপ ফ্রান্সিসের আসল নাম। ১৯৭৮ সালের পর ইতালি থেকে আর কোনো পোপ নির্বাচিত হননি।

ক্লডিও গুগেরোত্তি (ইতালি)
ভ্যাটিকানের আন্তর্জাতিক কূটনীতি এবং স্লাভিক বিশ্বের প্রতি গভীর নজর দেওয়া ক্লডিও গুগেরোত্তি ২০২২ সালে পূর্ব গির্জাগুলোর জন্য ডিকাস্টারির প্রধান নিযুক্ত হন। ভ্যাটিকানের ক্ষমতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তিনি রোমান কুরিয়ার (ভ্যাটিকানের প্রশাসনিক ব্যবস্থাপনা) গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে কাজ করেছেন।

জ্যঁ-মার্ক এভেলিন (ফ্রান্স), মার্সেইর আর্চবিশপ
৬৬ বছর বয়সী জঁ-মার্ক অ্যাভেলিন ফরাসি নাগরিক। তিনি মার্সেইয়ের আর্চবিশপ হিসেবে দায়িত্ব পালন করছেন। স্থানীয় ক্যাথলিক মহলে তিনি ‘জন চতুর্বিংশ’ নামে পরিচিত। ১৯৬৯–এর দশকে গোলাকৃতির মুখের সংস্কারপন্থী পোপ জন ত্রয়োবিংশের সঙ্গে অ্যাভেলিনের চেহারার মিল রয়েছে। প্রয়াত পোপ ফ্রান্সিস একবার হাসিচ্ছলে বলেছিলেন, তাঁর উত্তরসূরি হবেন সম্ভবত জন চতুর্বিংশ।

কার্ডিনাল মারিও গ্রেচ (মাল্টা), গোজো এর বিশপ ইমেরিটাস
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ক্ষুদ্রতম দেশ মাল্টার ছোট দ্বীপ গোজোয় জন্মগ্রহণকারী কার্ডিনাল মারিও গ্রেচ তিলে তিলে গুরুত্বপূর্ণ পদে পৌঁছেছেন। ৬৮ বছর বয়সী কার্ডিনালকে বিশপদের সিনডের মহাসচিব নিযুক্ত করেছিলেন পোপ ফ্রান্সিস।

সিনডের মহাসচিব ভ্যাটিকানের বেশ গুরুত্বপূর্ণ পদ। শুরুর দিকে রক্ষণশীল থাকলেও পরে তিনি ফ্রান্সিসের সংস্কার কার্যক্রমের মশাল বহনকারী ব্যক্তিতে পরিণত হয়েছিলেন।

কার্ডিনাল পিটার কোডও অ্যাপিয়াহ টার্কসন
ঘানার একটি ছোট গ্রামে জন্মগ্রহণকারী কার্ডিনাল পিটার কোডও অ্যাপিয়াহ টার্কসনের দীর্ঘ যাজকীয় অভিজ্ঞতা রয়েছে। ভ্যাটিকানের বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে তিনি দায়িত্ব পালন করেছেন। ৭৬ বছর বয়সী ভ্যাটিকানের এই কর্মকর্তার যোগাযোগে চমৎকার দক্ষতা রয়েছে। নির্বাচিত হলে সাব-সাহারা আফ্রিকা থেকে তিনিই হবেন প্রথম পোপ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here