খাগড়াছড়িতে অপহৃত চবির সেই পাঁচ শিক্ষার্থী মুক্ত

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে খাগড়াছড়ির পুলিশ সুপার আরেফিন জুয়েল পাঁচজনের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

0
69
ছবি: সংগৃহীত

অপহরণের ৭ দিন পর গতকাল বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাঁচ শিক্ষার্থীকে মুক্তি দিয়েছে অপহরণকারীরা। তবে তাদের মুক্ত হওয়ার বিষয়টি জানাজানি হয় বৃহস্পতিবার।

বিকেল ৩টার দিকে পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) সভাপতি নিপুণ ত্রিপুরাও তাদের মুক্তির বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন।

অপহরণকারীদের কবল থেকে মুক্ত হওয়া পাঁচ শিক্ষার্থী বর্তমানে তাদের গ্রামের বাড়িতে অবস্থান করছেন।

পিসিপির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক রিবেক চাকমা স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, অপহৃত পাঁচ শিক্ষার্থীর মুক্তির দাবিতে আপামর সাধারণ শিক্ষার্থী, প্রগতিশীল ব্যক্তি ও ছাত্রসংগঠন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন গড়ে তোলেন। অবশেষে ব্যাপক জনরোষের মুখে পড়ে অপহরণকারীরা কয়েক দফায় মুক্তি দিয়েছে।

মুক্তি পাওয়া শিক্ষার্থীরা হলেন- পিসিপি চবি শাখার সদস্য ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিশন চাকমা, চারুকলা ইনস্টিটিউটের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অলড্রিন ত্রিপুরা, একই বিভাগ ও একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী মৈত্রীময় চাকমা, নাট্যকলা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দিব্যি চাকমা এবং প্রাণিবিদ্যা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী লংঙি ম্রো।

খাগড়াছড়িতে চবির ৫ শিক্ষার্থীসহ ছয়জনকে অপহরণের অভিযোগখাগড়াছড়িতে চবির ৫ শিক্ষার্থীসহ ছয়জনকে অপহরণের অভিযোগ
বিবৃতিতে পিসিপি শিক্ষার্থীদের মুক্তির আন্দোলনে সোচ্চার থাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন, খাগড়াছড়ি জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছে।

রিবেক চাকমা বলেন, “আমরা বিভিন্ন সূত্র থেকে নিশ্চিত হয়েছি শিক্ষার্থীদের ছেড়ে দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের পরিবারের সঙ্গে কথা হয়েছে তারাও বিষয়টি নিশ্চিত করেছেন। মুক্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা নিজ নিজ বাড়িতে অবস্থান করছেন।”

এ বিষয়ে জানতে চাইলে খাগড়াছড়ি পুলিশ সুপার বলেন, “ছেড়ে দেওয়ার বিষয়ে পুলিশ নিশ্চিত হয়েছে। যেহেতু পাহাড়ি ছাত্র পরিষদ থেকে বিবৃতি দিয়েছে।”

বর্ষবরণের বিঝু উৎসব শেষে চট্টগ্রামে ফেরার পথে ১৬ এপ্রিল সকাল সাড়ে ৬টার দিকে খাগড়াছড়ির সদর উপজেলার গিরিফুল এলাকা থেকে পাঁচ শিক্ষার্থীকে অপহরণ করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা একজন গাড়ি চালককেও তুলে নেওয়া হয়েছিল। কিন্তু পরে তাকে ছেড়ে দেওয়া হয়।

পাঁচ পাহাড়ি শিক্ষার্থী অপহরণের ঘটনায় শুরু থেকে ইউপিডিএফকে দায়ী করে আসছে জেএসএস–সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি নিপুন ত্রিপুরা। তবে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আসছেন ইউপিডিএফের অন্যতম জেলা সংগঠক অংগ্য মারমা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here