কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র হামলার পর একের পর এক পাল্টাপাল্টি পদক্ষেপে ভারত ও পাকিস্তানের মধ্যে বাড়ছে উত্তেজনা। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) গভীর রাতে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের বরাত দিয়ে তার মুখপাত্র স্টিফেন ডুজারিক সাংবাদিকদের বলেন, ‘ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক ঘটনায় আমরা অত্যন্ত উদ্বিগ্ন। মহাসচিব সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। তিনি চান, উভয় দেশই যেন উত্তেজনা প্রশমনে সর্বোচ্চ সংযম প্রদর্শন করে।’
তিনি আরও বলেন, ‘ভারত ও পাকিস্তানের মধ্যে যেকোনো সমস্যা শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। জাতিসংঘ এটাই বিশ্বাস করে এবং এর পক্ষে কাজ করে যাবে।’
এর আগে মঙ্গলবার বিকেলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর সশস্ত্র হামলায় ২৫ ভারতীয়সহ ২৬ জন নিহত হয়। এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে দেশটির নাগরিকদের ভিসা বাতিল, সিন্ধু পানি চুক্তি স্থগিতসহ একাধিক কড়া পদক্ষেপ নেয় ভারত সরকার।
জবাবে পাকিস্তানও পাল্টা ব্যবস্থা নেয়। বৃহস্পতিবার দেশটির পক্ষ থেকে জানানো হয়, ভারতীয় নাগরিকদের ভিসা বাতিল করা হয়েছে, দ্বিপক্ষীয় বাণিজ্য স্থগিত করা হয়েছে এবং ভারতের জন্য আকাশসীমাও বন্ধ করে দেওয়া হয়েছে।
এই পাল্টাপাল্টি কৌশলে দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে আবারও যুদ্ধাবস্থা তৈরি হচ্ছে কি না—এ নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

