ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলায় ২৬ জনের প্রাণহানির ঘটনায় পাল্টাপাল্টি পদক্ষেপে তীব্র উত্তেজনা চলছে ভারত ও পাকিস্তানের মধ্যে। কূটনীতিকদের বহিষ্কার, ভিসা বাতিল, পানি চুক্তি বাতিল, আকাশসীমা বন্ধসহ নানান পদক্ষেপের পর সীমান্তযুদ্ধের দ্বারপ্রান্তে দেশ দুটি। এ অবস্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, আমি ভারতেরও খুব ঘনিষ্ঠ, পাকিস্তানেরও খুব ঘনিষ্ঠ। তারা (ভারত-পাকিস্তান) কোনো না কোনোভাবে এটি সমাধান করে নেবে।
ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি ভারতের খুব ঘনিষ্ঠ, আর আমি পাকিস্তানের খুব কাছের, আর কাশ্মীরে তাদের লড়াই হাজার বছর ধরে চলছে। কাশ্মীর হাজার বছর ধরে চলছে… সম্ভবত তার চেয়েও বেশি সময় ধরে। ওটা ছিল একটা খারাপ ঘটনা।’
কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের সংঘাত নিরসনের ওয়াশিংটন কোনো পদক্ষেপ নিচ্ছে কি না এই প্রশ্নের সরাসরি কোনো উত্তর না দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি নিশ্চিত যে তারা কোননো না কোনোভাবে এটি সমাধান করবে। আমি উভয় নেতাকেই চিনি। পাকিস্তান এবং ভারতের মধ্যে প্রচণ্ড উত্তেজনা রয়েছে, কিন্তু সবসময়ই ছিল।’
এর আগে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা প্রশমনের চেষ্টায় ভূমিকা পালন সম্পর্কে এক পাকিস্তানি সাংবাদিকের প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখাপাত্র ট্যামি ব্রুস বলেন, ‘এটি দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি এবং আমরা এটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। অবশ্যই, আমরা এখন কাশ্মীর বা জম্মুর অবস্থা সম্পর্কে কোনো অবস্থান নিচ্ছি না।’

