ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।
নিহতরা হলেন- উপজেলার গোপালপুর গ্রামের আবুল কালামের ছেলে মোহাম্মদ মিকাইল (২২) ও হানিফ আলীর ছেলে মো. ওবায়দুল (২৩)।
আনসার–ভিডিপি কর্মকর্তার বরাত দিয়ে রোববার বেলা সাড়ে ১১টার দিকে মহেশপুরের ইউএনও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, রোববার ভোরে সীমান্তের যাদবপুর গ্রামের ওপারে ভারতীয় অংশ থেকে গুলির শব্দ আসে। পরে গ্রামবাসী সীমান্তের কাছাকাছি গিয়ে ভারতীয় অংশে দুটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে জানতে পারেন বিএসফের গুলিতে তারা মারা গেছেন।
আনসার–ভিডিপি সূত্রে জানা গেছে, নিহত দুজন মাদকদ্রব্য কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন। ঘটনার সময় তারা ফেনসিডিলসহ ভারতে যাওয়ার সময় মধুপুর সীমান্ত এলাকায় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি করে। এতে তারা ঘটনাস্থলেই নিহত হয়।

