ভারত সরকার জম্মু ও কাশ্মীরের পাহেলগামে সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে পাকিস্তানি ১৬টি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করেছে। চ্যানেলগুলো ভারতীয় সেনাবাহিনী ও নিরাপত্তা সংস্থার বিরুদ্ধে উসকানিমূলক এবং বিভ্রান্তিকর তথ্য প্রচারের জন্য দায়ী।
খবর হিন্দুস্তান টাইমসের।
ভারতীয় এই গণমাধ্যম জানিয়েছে, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রীর সুপারিশে চ্যানেলগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, যা ভারতীয় সেনাবাহিনী ও সরকারের বিরুদ্ধে মিথ্যা এবং সাম্প্রদায়িকভাবে সংবেদনশীল বিষয়বস্তু ছড়িয়ে দিচ্ছিল।
নিষিদ্ধ চ্যানেলগুলোর মধ্যে রয়েছে
ডন নিউজ (Dawn News) – সাবস্ক্রাইবার: ১.৯৬ মিলিয়ন
সামা টিভি (Samaa TV) – সাবস্ক্রাইবার: ১২.৭ মিলিয়ন
এআরওয়াইনিউজ (ARY News) – সাবস্ক্রাইবার: ১৪.৬ মিলিয়ন
বোল নিউজ (Bol News) – সাবস্ক্রাইবার: ৭.৮৫ মিলিয়ন
জিও নিউজ (Geo News) – সাবস্ক্রাইবার: ১৮.১ মিলিয়ন
এ ছাড়াও, ইরশাদ ভাট্টি, রফতার টিভি, জিএনএন (GNN), সামা স্পোর্টসসহ আরও অনেক চ্যানেল নিষিদ্ধ হয়েছে। চ্যানেলগুলোতে ভারতীয় সেনাবাহিনী এবং নিরাপত্তা সংস্থার বিরুদ্ধে উসকানিমূলক এবং মিথ্যা ভিডিও ও সংবাদ প্রচার করা হচ্ছিল, যার মধ্যে একাধিক ভিডিও ছিল যা জম্মু ও কাশ্মীরে ভারতীয় সেনার পোস্ট উড়িয়ে দেওয়ার দাবি করেছিল, যদিও সেটি ছিল অরুণাচল প্রদেশের দাবানলের ভিডিও।
এ পদক্ষেপের মাধ্যমে ভারত সরকার পাকিস্তানি মিডিয়া হাউসগুলোর তথ্য প্রচার এবং সামাজিক মিডিয়ায় ভারতীয়দের বিরুদ্ধে উসকানিমূলক প্রচারণার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে।

