মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে একটি সেতুর অভাবে লক্ষাধিক মানুষের দুর্ভোগ

0
139
ফাইল ছবি

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার দিঘিরপাড় বাজার সংলগ্ন পদ্মার শাখা নদীতে সেতু না থাকায় লক্ষাধিক মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ট্রলারই এখানকার মানুষের একমাত্র ভরসা। মুন্সীগঞ্জ, শরীয়তপুর ও চাঁদপুরসহ পাঁচ জেলার অন্তত ১১টি ইউনিয়নের দুই লাখেরও বেশি মানুষ প্রতিদিন এই নদী পার হয়ে তাদের গন্তব্যে পৌঁছান।

নদীর দুই পাড়ের মানুষ মুন্সীগঞ্জ সদর, টঙ্গিবাড়ী উপজেলা ও রাজধানী ঢাকায় যাতায়াতের জন্য ট্রলারের ওপর নির্ভরশীল। রাত-বিরাতে ট্রলার না পাওয়া, অতিরিক্ত ভাড়া, ঝড়-তুফানে ভোগান্তি ও সময়ক্ষেপণ এ পথে যাতায়াতকে অত্যন্ত কষ্টসাধ্য করে তুলেছে।

দিঘিরপাড় বাজারের খেয়াঘাটে প্রতিদিন শত শত মানুষ ট্রলারে পারাপার হচ্ছেন। কেউ মুন্সীগঞ্জ শহর বা ঢাকায় যাচ্ছেন, কেউবা বাজার করতে আসছেন। নদীর পাড়ের এই ট্রলারঘাটই তাদের জীবন ও জীবিকার গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে।

সেতুটি নির্মাণ হলে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী, শরীয়তপুরের নওপাড়া, চরআত্রা, চাঁদপুরের হাইমচরসহ সীমান্তবর্তী গ্রামের মানুষ উপকৃত হবেন। তাদের যাতায়াতে সময় ও খরচ দুটোই কমবে।

স্থানীয় বাসিন্দাদের মতে, একটি সেতু তাদের জীবনে বড় ধরনের পরিবর্তন আনবে। যোগাযোগব্যবস্থা সহজ হওয়ার পাশাপাশি অর্থনৈতিক কার্যক্রমও গতিশীল হবে। তবে দ্রুত সেতু নির্মাণের দাবি জানিয়েছেন তারা।

টঙ্গিবাড়ী উপজেলা প্রকৌশলী শাহ মোয়াজ্জেম জানান, দিঘিরপাড় বাজারের সংলগ্ন পদ্মার শাখা নদীতে ১০০ মিটারের বেশি দৈর্ঘ্যের একটি সেতু নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। এছাড়া নদীর পশ্চিম পাড়ে চার কিলোমিটার দীর্ঘ একটি আরসিসি সড়ক নির্মাণের পরিকল্পনাও রয়েছে। প্রাথমিক মাটি পরীক্ষা ও সার্ভে সম্পন্ন করেছে বুয়েটের বিশেষজ্ঞ দল। এখন নকশা তৈরি করে মন্ত্রণালয়ে বরাদ্দের জন্য আবেদন করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here