সিরাজগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় বিএনপির ৮ নেতার পদ স্থগিত

শুক্রবার (২ মে) রাতে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত পৃথক দুইটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

0
98
প্রতীকী ছবি

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা ও এনায়েতপুর থানা বিএনপির কয়েকটি ইউনিটের ৮ নেতার পদ স্থগিত করা হয়েছে। একই কারণে দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের আরো তিন নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দিয়েছে জেলা বিএনপি।

পদ স্থগিত হওয়া নেতারা হলেন, উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হেলাল সরকার, সাবেক সদস্য মিজানুর রহমান, পৌর বিএনপির সাবেক সভাপতি বেলাল হোসেন, সাবেক সদস্য সচিব মুকুল হোসেন, সদস্য আশরাফুল ইসলাম মিন্টু, পঞ্চক্রোশী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হায়দার আলী, বড়হর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন শাবু ও এনায়েতপুর থানার জালালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রশিদ সরকার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে উল্লাপাড়া উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিটের ৭ নেতার প্রাথমিক সদস্যপদসহ সকল পদ স্থগিত করা হয়েছে। এ ছাড়াও একই কারণে উল্লাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হাসান অভি, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহ জালাল ও পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মো. খোকনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কমিটির সভাপতি-সম্পাদককে নির্দেশনা দেওয়া হয়েছে।

দ্বিতীয় বিজ্ঞপ্তিতে একই কারণে এনায়েতপুর থানার জালালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রশিদ সরকারের দলে থাকা প্রাথমিক সদস্য পদসহ সকল পদ স্থগিত করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here