মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নের মোসলেমাবাদ এলাকায় বিধ্বস্ত সড়ক সংস্কারের দাবীতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
সোমবার (৫ মে) সকাল ১১ টার দিকে মোসলেমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে তিন শতাধিক লোকের উপস্থিতিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্থানীয় আব্দুল কাদেরের সভাপতিত্বে মোস্তফা কামাল ফখরুলের পরিচালনায় বক্তব্য রাখেন, আয়োজক ইসমত আরা, প্রাণী চিকিৎসক সোলাইমান দেওয়ান বিকাশ,স্থানীয় মো. বাচ্চু মিয়া, রমিজ উদ্দিন, রুবেল হোসেন, আলী হোসেন মন্ডল, আব্দুল হামিদ, মিজানুর রহমান, ক্ষুদে শিক্ষার্থী মৌসুমি আক্তার প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ঢাকার নবাবগঞ্জ -দোহারের সাথে সিংগাইরের সংযোগ সড়কটি মোল্লা ব্রিজ থেকে পূর্ব বান্দাইল,রুপারচর বাজার,মোসলেমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে সাহরাইল মোল্লা বাড়ি পর্যন্ত ৩ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন সংস্কার না করায় খনাখন্দে পরিনত হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। দুর্ভোগ পোহাতে হচ্ছে শত শত পথচারী ও ক্ষুদে শিক্ষার্থীদের। বিশেষ করে বালু ও মাটিবাহী ড্রাম ট্রাক, মাহিন্দ্র ট্রলির বেপরোয়া চলাচলে ধুলা বালিতে দুর্ভোগের মাত্রা বাড়িয়ে দিয়েছে বলে অভিযোগ করেন তারা। সেই সাথে অবৈধ এসব যানবাহন বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রশাসনের কাছে জোর দাবি জানান।
এর আগে সিংগাইর ও নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের কাছে গণস্বাক্ষর সম্বলিত লিখিত অভিযোগ দায়ের করেন এলাকাবাসী ।


