জিজ্ঞাসাবাদের জন্য শেখ হাসিনাকে বৃহস্পতিবার দুদকে তলব

চিঠিতে বৃহস্পতিবার (৮ মে) সকাল সাড়ে ১০টায় শেখ হাসিনাকে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।

0
88
ছবি: সংগৃহীত

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দেশের তিন বিমানবন্দরের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে “৮১২ কোটি টাকা আত্মসাতের” অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে তলব করা হয়েছে।

দুদকের উপপরিচালক মনিরুল ইসলামের সই করা এ সংক্রান্ত একটি চিঠিতে শেখ হাসিনা তলব করা হয়েছ। চিঠিটি শেখ হাসিনার ধানমন্ডির সুধাসদন ও গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার ঠিকানায় পাঠানো হয়েছে।

দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

দুদক কর্মকর্তারা জানিয়েছেন, দুদকের দেওয়া সময় অনুযায়ী জিজ্ঞাসাবাদের মুখোমুখি না হলে শেখ হাসিনা আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারাবেন।

এর আগে, এবছরের ২৭ জানুয়ারি তিন বিমানবন্দরের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ৮১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকসহ ১৯ জনের বিরুদ্ধে আলাদা চারটি মামলা করে দুদক।

এসব মামলার আসামির তালিকায় বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক জ্যেষ্ঠ সচিব মুহিবুল হক ও বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সাবেক চেয়ারম্যান এম মফিদুর রহমানের নামও এসেছে।

এদিকে, ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট সরকার পতনের পর ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এখনো তিনি সেখানেই আছেন। তার দলের জ্যেষ্ঠ নেতাদের কয়েকজন গ্রেপ্তার হলেও অধিকাংশই এখনো আত্মগোপনে।

এর মধ্যেই ছাত্র-জনতার আন্দোলন দমাতে আওয়ামী লীগ সরকারের চালানো নিপীড়নকে “গণহত্যা” বিবেচনা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ অন্যদের বিচারের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। একাধিক মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে পরোয়ানাও জারি করা হয়েছে।

প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে দেশে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে গত ২৩ ডিসেম্বর ভারত সরকারকে “কূটনৈতিকপত্র” পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার। তবে ভারত এখনও কোনো জবাব দেয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here