নারায়ণগঞ্জের ঢাকা-লিংক রোডের সস্তাপুর এলাকায় জেলখানার পাশে একটি ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় এই আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যায় হঠাৎ করেই একটি ঝুটের গুদামে আগুনের শিখা দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন পাশের একটি চায়ের দোকান, মোটরসাইকেলের শোরুম এবং অন্যান্য কয়েকটি গুদামে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এতোটাই বেশি ছিল যে, এর লেলিহান শিখা অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছিল।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে আমাদের ৮টি ইউনিট কাজ করছে। বিস্তারিত তথ্য ও আগুনের সূত্রপাত সম্পর্কে পরে জানানো হবে।’
শেষ খবর পাওয়া পর্যন্ত এই ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। তবে অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।