বিএনপির মিছিলে ককটেল হামলা মামলায় আ. লীগ নেতা গ্রেপ্তার

গতকাল মঙ্গলবার রাতে দিনাজপুর শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

0
78

দিনাজপুরের ফুলবাড়ীতে বিএনপির মিছিলে ককটেল হামলা মামলায় আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম বাবুকে (৫৫) গ্রেপ্তার করেছে কোতয়ালী থানা পুলিশ।

গতকাল মঙ্গলবার রাতে দিনাজপুর শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শফিকুল ইসলাম বাবু (৫৫) উপজেলার শিবনগর ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং জেলা পরিষদের সদ্য সাবেক সদস্য।

জানা গেছে, বিএনপির মিছিলে ককটেল হামলার ঘটনায় মামলার এজারভুক্ত ২৩ নং আসামি তিনি।

দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ফুলবাড়ী থানার সুপারিশে শফিকুল ইসলাম বাবুকে দিনাজপুর শহর থেকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ফুলবাড়ী থানায় হস্তান্তর করা হবে।’

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল ইসলাম বলেন, ‘শফিকুল ইসলাম বাবু বিএনপির মিছিলে ককটেল হামলা মামলার এজারভুক্ত আসামি। মামলার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে দিনাজপুর শহর থেকে কোতয়ালী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।’

উল্লেখ্য, চলতি বছরের গত ৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় আওয়ামী লীগের লিফলেট বিতরণ কর্মসূচির প্রতিবাদে উপজেলা বিএনপির নেতাকর্মীরা মিছিল বের করে। সেই মিছিলে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদত আলী সাহাজুল ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহেদ ইসলাম, যুবদল কর্মী নুরুন্নবী বকুলসহ কয়েকজন নেতাকর্মী আহত হয়। এ ঘটনায় গত ৬ ফেব্রুয়ারি পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহেদ ইসলাম বাদী হয়ে ৫৮ জনের নাম উল্যেখসহ অজ্ঞাত ১০০-১৫০ জনের নামে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here