ভুয়া রেজিস্ট্রেশনে চিকিৎসাসেবা, কথিত ডাক্তারকে কারাদণ্ড

0
27
ভুয়া রেজিস্ট্রেশনে চিকিৎসাসেবা, কথিত ডাক্তারকে কারাদণ্ড

বরগুনার তালতলীতে প্রেসক্রিপশনে ভুয়া রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে রোগী দেখার দায়ে আমির হোসেন খান নামে এক কথিত ডাক্তারকে এক মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। তালতলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ জাহিদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ আদেশ দেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরের দিকে তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের বড় অঙ্কুজান পাড়া এলাকার তাপবিদ্যুৎ কেন্দ্র-সংলগ্ন আল-আমিন ফার্মেসি নামে একটি ওষুধের দোকানে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘদিন ধরে চিকিৎসক পরিচয় দিয়ে তালতলীর অঙ্কুজান পাড়ায় আল-আমিন ফার্মেসি নামে একটি ওষুধের দোকানে চেম্বার করে রোগী দেখতেন আমির হোসেন খান। তিনি বাগেরহাট থেকে এসে প্রতি সপ্তাহের মঙ্গলবার তালতলীতে রোগী দেখতেন। তবে চিকিৎসক না হয়েও তিনি চিকিৎসক পরিচয়ে রোগী দেখছেন, এমন অভিযোগের ভিত্তিতে ওই ওষুধের দোকানে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম একটি অভিযান পরিচালনা করেন। এ সময় ভুয়া রেজিস্ট্রেশন ব্যবহার করে রোগী দেখার প্রমাণ মিললে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যম আমির হোসেন খানকে এক মাসের কারাদণ্ডসহ ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ বিষয়ে তালতলী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, আমির হোসেন খান চিকিৎসক দাবি করে তার প্রেসক্রিপশনে ভুয়া রেজিস্ট্রেশন ব্যবহার করে রোগী দেখতেন। তিনি রোগীদের থেকে এক হাজার টাকা চিকিৎসা ফিও নিতেন। বিষয়টি স্বীকার করলে, ভুয়া রেজিস্ট্রেশন ব্যবহার করে রোগীদের চিকিৎসাসেবা প্রদানের দায়ে আমির হোসেনকে এক মাসের কারাদণ্ডসহ ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here