যশোরে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। ফজলুল হক নামে ওই পুলিশ সদস্য খুলনা মেট্রোপলিটন পুলিশের আটড়া ফাঁড়িতে কর্মরত ছিলেন।
আজ শনিবার সকাল ৭টার দিকে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ছাতিয়ানতলা নামক স্থানে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, কনস্টেবল ফজলুল হক মোটরসাইকেলযোগে কর্মস্থল থেকে নিজ বাড়ি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ক্ষুদ্র রয়রা গ্রামে ফিরছিলেন। ঘটনাস্থলে অপর একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ফজলুল হকসহ অপর মোটরসাইকেল আরোহী এনজিও কর্মী একই জেলার কোটচাঁদপুর উপজেলার কাশীপুর গ্রামের মামুন ও রিয়াল আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম তাদেরকে যশোর জেনারেল হাসপাতাল নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক কনস্টেবল ফজলুল হককে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপর দু’জনের অবস্থা আশংকাজনক বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

