ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে শপথ চেয়ে হাইকোর্টে ইশরাকের রিট

0
107
ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ গ্রহণে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী তাকে মেয়র ঘোষণা করা হলেও সরকারিভাবে শপথের কোনো উদ্যোগ না নেওয়ায় এই রিট করেন তিনি।

রোববার (২৫ মে) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

এর আগে, গত ২২ মে হাইকোর্ট বিএনপি নেতা ইশরাককে শপথ নিতে বাধা নেই বলে রুল খারিজ করেছিল। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, ‘রিট আবেদনটি শুনানির জন্য গ্রহণযোগ্য নয়।’ এরপরও শপথ না হওয়ায় এবার বাধ্য হয়ে হাইকোর্টের নির্দেশনা চেয়ে নতুন রিট করলেন ইশরাক।

রিটে উল্লেখ করা হয়, নির্বাচন কমিশন গত ২৭ এপ্রিল ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে গেজেট প্রকাশ করে। কিন্তু সেই গেজেট প্রকাশের এক মাস পেরিয়ে গেলেও সরকারের পক্ষ থেকে এখনো শপথ অনুষ্ঠানের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে আদালতের রায় কার্যকর হচ্ছে না, যা আদালত অবমাননার শামিল।

রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান ও অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান মিলন।

এর আগে ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস বিজয়ী হন এবং দায়িত্ব পালন করে আসছিলেন। কিন্তু নির্বাচনী অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ইশরাক মামলা করলে, গত ২৭ মার্চ নির্বাচনী ট্রাইব্যুনাল ওই ফল বাতিল করে এবং তাকে বিজয়ী ঘোষণা করে।

তবে গেজেট প্রকাশ সত্ত্বেও সরকার এখনও শপথের ব্যবস্থা নেয়নি। ফলে ইশরাকের পক্ষ থেকে এবার সরাসরি হাইকোর্টের নির্দেশনা চাওয়া হলো।

এদিকে, ইশরাকের সমর্থকরা তাকে দ্রুত মেয়র হিসেবে দায়িত্বে বসানোর দাবিতে নগর ভবনের সামনে কয়েক দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here