বিদেশে বসে বিএনপির বদনাম করছেন ড. ইউনূস : মির্জা আব্বাস

0
78
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন, ড. মুহাম্মদ ইউনূস জাপানে বসে দেশের এবং বিএনপির বিরুদ্ধে বদনাম করছেন। এ ঘটনায় তিনি দুঃখ ও ক্ষোভ প্রকাশ করেছেন।

আজ (৩০ মে) শুক্রবার রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি এসব কথা বলেন। জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দলটির পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

মির্জা আব্বাস বলেন, ‘খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে- আজ ড. ইউনূস সাহেব জাপানে বসে বিএনপির বিরুদ্ধে বদনাম করছেন। লজ্জা লাগল না তার? বিদেশে বসে দেশের বিরুদ্ধে বদনাম করছেন! তিনি বলছেন, একটি দল শুধু নির্বাচন চায়। আমরা বলব, একটি লোকই নির্বাচন চায় না, আর তিনি হচ্ছেন ড. ইউনূস।’

সরকারের সংস্কার কর্মসূচি নিয়ে প্রশ্ন তুলে বিএনপির এই নেতা বলেন, ‘সংস্কার সংস্কার করতে করতে বর্তমান সরকার বিদেশি লোকদের আমদানি করেছে। অথচ জিয়াউর রহমান বহু সংস্কার করেছেন, কিন্তু কোনো বিদেশি পরামর্শক আনেননি। এই সরকার এখন এমন পর্যায়ে গেছে, তারা আর নির্বাচন দিতে চায় না।’

জাতীয় নির্বাচনের সময়সূচি নিয়েও ড. ইউনূসকে দায়ী করেন মির্জা আব্বাস। তিনি বলেন, ‘ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের কথা বিএনপির আগেই ড. ইউনূস বলেছিলেন। এটাই ছিল তার প্রস্তাব। পরে তিনি সেটা শিফট করে জুনে নিয়ে গেলেন। সুতরাং আমরা বলব, নির্বাচন যদি করতে হয়, ডিসেম্বরের মধ্যেই করতে হবে। না হলে দায়-দায়িত্ব সম্পূর্ণভাবে ড. ইউনূসকেই নিতে হবে।’

বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য আরও বলেন, ‘ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। অন্যথায় বাংলাদেশের জনগণ নিজেরাই নির্বাচন আদায় করে নেবে। নির্বাচন না হলে এই দেশের ভৌগোলিক অবস্থান টিকবে না।’

শ্রদ্ধা নিবেদনের সময় মির্জা আব্বাসের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সালাহউদ্দিন আহমেদ, ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ অন্য নেতারাও উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here