৫৮ দিনের জন্য সাগরে মাছ ধরা বন্ধ হচ্ছে মধ্যরাতে

0
19
৫৮ দিনের জন্য সাগরে মাছ ধরা বন্ধ হচ্ছে মধ্যরাতে

সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মাছের প্রজনন বৃদ্ধি নিশ্চিত করতে বঙ্গোপসাগরে ৫৮ দিনের জন্য সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। আজ মধ্যরাত থেকে আগামী ১১ জুন পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

বুধবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিষেধাজ্ঞা চলাকালে উপকূলীয় ১৪টি জেলার ৬৭টি উপজেলা এবং চট্টগ্রাম মহানগরসহ মোট ৩ লাখ ১১ হাজার ৬২ জন জেলেকে ভিজিএফ কর্মসূচির আওতায় প্রতি মাসে ৪০ কেজি করে চাল সহায়তা দেওয়া হবে।

মেরিন ফিশারিজ অর্ডিন্যান্স অনুযায়ী, ২০১৫ সাল থেকে প্রতিবছর নির্দিষ্ট সময়ে বঙ্গোপসাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হয়। শুরুতে এটি কেবল শিল্প পর্যায়ের ট্রলারের জন্য প্রযোজ্য থাকলেও ২০১৯ সাল থেকে সব ইঞ্জিনচালিত নৌযানকে এর আওতায় আনা হয়।

এর আগে ৬৫ দিনের নিষেধাজ্ঞা কার্যকর থাকলেও জেলেদের অসন্তোষ ও আঞ্চলিক পরিস্থিতি বিবেচনায় গত বছর থেকে সময়সীমা কমিয়ে ৫৮ দিন করা হয়েছে, যা চলতি বছরও বহাল রয়েছে।

নিষেধাজ্ঞা চলাকালে সমুদ্র এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ নজরদারি থাকবে বলে জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here