রাজধানী ঢাকার যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় জহুরা আক্তার (৩৫) নামের এক নারী নিহত হয়েছেন।
শুক্রবার (৩০ মে) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জহুরা তার স্বামী নাসিরের সঙ্গে যাত্রাবাড়ীর করাতিটোলা এলাকায় বসবাস করতেন।
এ ঘটনায় যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, “জহুরা যাত্রাবাড়ীর শহিদ ফারুক সড়কের ফুটপাত থেকে সবজি কিনছিলেন। একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রাতেই জহুরার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।”
ওসি আরও জানান, কাভার্ড ভ্যানের চালক জাকির হোসেনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা করা হবে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে জহুরার মরদেহ শনিবার সকালে স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

