র‌্যাবের অভিযানে ১ লাখ ৬৫ হাজার ২৫ লিটার ভোজ্য তেল জব্দ

0
31

দেশব্যাপী ভোজ্য তেলের কৃত্রিম সংকট রোধে অসাধু মজুতদার ও কালোবাজারিদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। নিয়মিত গোয়েন্দা নজরদারির পাশাপাশি দেশজুড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার পরিচালিত ২০টি মোবাইল কোর্টে মোট ১ লাখ ৬৫ হাজার ২৫ লিটার ভোজ্য তেলের অস্বাভাবিক মজুত শনাক্ত করা হয়েছে। এসব অভিযানে মোট ৩ লাখ ৫৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযানে ফেনীর ইসলাম রোড এলাকায় একটি গুদামকে ৫০ হাজার টাকা, যশোরে ‘মেসার্স নওয়াব মিল’-কে ৫০ হাজার টাকা, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা এবং নরসিংদীতে অতিরিক্ত দামে তেল বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নারায়ণগঞ্জ, ঢাকার ডেমরা ও হবিগঞ্জে বিভিন্ন অনিয়মে চারটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৫৩ হাজার টাকা এবং রংপুরে দুটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তেল মজুতের পাশাপাশি শ্যামপুরের জুরাইন বাজারে অভিযান চালিয়ে ১ হাজার ৭০৫ বস্তা চাল ও ৫০০ বস্তা আটা উদ্ধার করে একটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে। জব্দকৃত পণ্য খাদ্য অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।

তবে সাভার, পল্লবী, শাহ আলী ও কক্সবাজারে অভিযানে বড় ধরনের অনিয়ম না পাওয়ায় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। ঢাকার বিভিন্ন এলাকায়ও অতিরিক্ত মজুদ না করার নির্দেশনা দেওয়া হয়েছে।

র‍্যাব জানিয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ও নজরদারি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here