দুঃখপ্রকাশ অধিনায়ক লিটনের, বললেন-শিখতে হবে আরও!

0
74
ছবি: সংগৃহীত

শুরু থেকে শেষ- হতাশায় ভরপুর পারফরম্যান্স! এর মধ্য দিয়ে শেষ হলো বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের শেষ ম্যাচে ৭ উইকেটে হার দেখেছে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। পুরো সিরিজে একটিও জয় না পেয়ে হোয়াইটওয়াশ হলো টাইগাররা।

লাহোরে গতকাল অনুষ্ঠিত শেষ ম্যাচে ব্যাট হাতে তুলনামূলক ভালো শুরু পায় বাংলাদেশ। শুরুটা ইমন ও তামিমের ব্যাটে বেশ জোরালো ছিল। দলীয় স্কোরবোর্ডেও বড় সংগ্রহ গড়ে তুলেছিল টাইগাররা। তবে সেই লক্ষ্যমাত্রা রক্ষা করতে পারেননি বোলাররা। বোলিং ইউনিটের ছন্নছাড়া পারফরম্যান্সে সহজেই লক্ষ্য পেরিয়ে যায় পাকিস্তান।

ম্যাচ শেষে হতাশ কণ্ঠে বাংলাদেশের অধিনায়ক লিটন দাস বলেন, ‘হ্যাঁ, অবশ্যই আমরা বল ভালো করিনি। আগের দুই ম্যাচে ফিল্ডিং এবং ব্যাটিং ভালো করিনি। আজকে ব্যাটিং ভালো হয়েছে। অবশ্যই আমাদেরকে শিখতে হবে কীভাবে কোন ব্যাটারের বিপক্ষে বল করতে হবে। এসব জায়গায় উন্নতি করতে হবে।’

তবে পুরো সিরিজে হতাশার মাঝেও কিছু ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন লিটন। তিনি বলেন, ‘ইমন এবং তামিম ভালো শুরু দিয়েছে। শুধু তারাই নয়, বেশিরভাগ খেলোয়াড়ই দায়িত্ব নিয়ে খেলেছে এবং নিজেদের কাজটা করে দিয়েছে।’

দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লিটন বলেন, ‘অবশ্যই দর্শকরা দুর্দান্ত ছিল। সবাই সাপোর্ট করেছে দুই দলকে। খেলাও উপভোগ করেছে। আশা করি পরে আবার তারা আসবেন। বাংলাদেশের দর্শকদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি। আমরা কোনো ম্যাচ জিততে পারিনি। আশা করি সামনে পারব।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here