ইরানের পাল্টা হামলায় জ্বলছে ইসরায়েল

0
74
ছবি: সংগৃহীত

ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বেশ কয়েকটি শহর ক্ষতিগ্রস্ত হয়। আগুন দেখা যায় প্রতিরক্ষা দপ্তরের কাছেও। বেন গুরিয়ান বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে – আল জাজিরা

ইরানে আকস্মিক হামলা করেছে ইসরায়েল। শুক্রবার ওই হামলার কড়া জবাব দিয়েছে তেহরান। ইসরায়েলের ‘যত দিন প্রয়োজন’ হামলা চলবে- হুমকির জবাবে তেহরানও একই হুঙ্কার দিয়েছে। ইরানের দুই শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের রাজধানী তেল আভিভসহ বেশ কয়েকটি শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ছাড়া ইসরায়েলের ৩টি যুদ্ধবিমান ভূপাতিত ও দুই পাইলটকে আটকের দাবি করেছে তেহরান। অন্যদিকে ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ না করলে তেহরান জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।

সংবাদমাধ্যম বিবিসি, আল জাজিরা, রয়টার্স ও মিডল ইস্ট আই অনুসরণ করে দেখা গেছে, চলমান সহিংসতার হতাহত ও ক্ষয়ক্ষতির তথ্যের পার্থক্য রয়েছে। সার্বিক পরিস্থিতি নাজুক থাকায় সংবাদমাধ্যমগুলো স্বাধীনভাবে তথ্য যাচাই করতেও পারেনি।

ইরান-ইসরায়েল পুরনো শত্রু থাকলেও এই প্রথম দুই দেশ সর্বাত্মক যুদ্ধের পর্যায়ে রয়েছে। শুক্রবার স্থানীয় সময় ভোর থেকে ইসরায়েল ইরানের শতাধিক লক্ষ্যস্থলে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে। গতকাল ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, এখন পর্যন্ত তারা ১৫০টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এতে ইরানের ২০ জনের বেশি সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন এবং ১০ জন পারমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। এর আগে ৬ জন পরমাণু বিজ্ঞানী নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। সব মিলিয়ে ইসরায়েলি হামলায় নারী ও শিশুসহ ৭৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩২০ জন।

এদিকে ইসরায়েলের হামলার প্রাথমিক ধাক্কা কাটিয়ে সর্বশক্তি দিয়ে জবাব দেয় তেহরান। খোদ আইডিএফ জানিয়েছে, ইরান ইতোমধ্যে ২০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত করেছে, যার মধ্যে বেশ কিছু লক্ষ্যভ্রষ্ট করতে সক্ষম হয়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইরানের পাল্টা হামলায় ইসরায়েলে ৪ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। তেল আভিভে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরের পাশে আগুন জ্বলতে দেখা গেছে। ইসরায়েলের সংবাদমাধ্যম চ্যানেল ১৩ এই খবর জানিয়েছে। ইসরায়েলহাওম নামের আরেকটি সংবাদমাধ্যম জানিয়েছে, মধ্য ইসরায়েলের সাতটি জায়গায় ইরান থেকে উড়ে আসা রকেট পড়েছে।

সর্বগ্রাসী যুদ্ধ পরিস্থিতি থেকে দুই পক্ষকেই সংযম দেখানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘসহ আন্তর্জাতিক মহল। এর জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরানকে সংযম দেখাতে বলা অযৌক্তিক। টেলিগ্রামে এক পোস্টে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিকে আরাঘচি বলেন, ইসরায়েলের কর্মকাণ্ড ইরানের জাতীয় সার্বভৌত্ব লঙ্ঘন করেছে। একই সঙ্গে তিনি ইসরায়েলি সরকারের প্রতি ইউরোপীয় নেতৃবৃন্দের সমর্থনের সমালোচনা করেছেন। তেহরানের পক্ষ থেকে আরও সতর্ক করা হয়েছে, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ফ্রান্স যদি ইসরায়েলকে সহযোগিতা করে তাহলে ওই অঞ্চলে দেশগুলোর ঘাঁটিতে টার্গেট করা হবে। এ খবর জানিয়েছে বিবিসি। তবে যুক্তরাষ্ট্র বারবার বলে আসছে, এই সংঘাতে ইরানের পরিণতি হবে শোচনীয়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মার্কিন দূত ম্যাকয় পিট বলেন, ইরানে হামলার আগে যুক্তরাষ্ট্রকে জানিয়েছিল ইসরায়েল। তবে এই হামলার সঙ্গে যুক্তরাষ্ট্র সম্পৃক্ত নয়। ইরানকে হুশিয়ারি করে পিট বলেন, তারা যদি মার্কিন নাগরিক বা ঘাঁটিতে লক্ষ্য করে হামলা করে তাহলে তাদের পরিণতি হবে শোচনীয়। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উদ্দেশে বলেছেন, দ্রুত চুক্তিতে স্বাক্ষর না করলেও, আরও নৃশংস হামলার মুখোমুখী হতে হবে।

রাতে ৫ বার জায়গা বদল করেছেন মার্কিন দূত

শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার ভোর পর্যন্ত ৫ বার নিরাপদ জায়গা পরিবর্তন করেছেন ইসরায়েলে নিযুক্ত মার্কিন দূত মাইক হাকাবি। গতকাল শনিবার সকালে সামাজিকমাধ্যমে তিনি বলেন, ইসরায়েলে এক কঠিন রাত কাটল। শনিবার ইহুদিদের ‘শাব্বাত’ সাধারণত শান্তিপূর্ণভাবে কাটে। কিন্তু এবার তা সম্ভব নয়। এর আগে ইরাকের মার্কিন দূতাবাস থেকে নিজেদের কর্মী সরিয়ে নেয় যুক্তরাষ্ট্র।

তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু

ইরান-ইসরায়েলের সংঘাতকে তৃতীয় বিশ^যুদ্ধের সঙ্গে তুলনা করেছেন রুশ জেনারেল আপতি আলাদিনোভ। ব্রিটিশ সংবাদমাধ্যম মিরর জানিয়েছে, ওই জেনারেল বলেছেনÑ তৃতীয় বিশ^যুদ্ধ শুরু হয়েছে। ইসরায়েলের হামলার পর ওই জেনারেল নতুন করে ১০ লাখ সেনা নিয়োগের পরামর্শ ক্রেমলিনকে দিয়েছেন।

রেভল্যুশনারি গার্ডের নতুন এরোস্পেস কমান্ডার নিয়োগ

ইসরায়েলি বিমান হামলায় ইরানের রেভল্যুশনারি গার্ডের এরোস্পেস কমান্ডার মেজর জেনারেল আমিরালি হাজিজাদেহ নিহত হওয়ায় তার স্থলাভিষিক্ত হিসেবে শনিবার নতুন কমান্ডারের নাম ঘোষণা করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। খামেনি আমির আলী হাজিজাদেহের স্থলাভিষিক্ত হিসেবে মাজিদ মৌসাভিকে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস এরোস্পেস ফোর্সের কমান্ডার হিসেবে নিযুক্ত করেছেন।

গোপনে ইসরায়েলে আধুনিক ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র

ইরানে গত শুক্রবার হামলার আগে ইসরায়েলকে গোপনে কয়েকশ অত্যাধুনিক হেলফায়ার ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র। মিডল ইস্ট আইয়ের অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে। আগে থেকেই বড় পরিসরে অস্ত্র ও গোলাবারুদ মজুদ করছে ইসরায়েল। এরই অংশ হিসেবে ইরানে হামলার কয়েক দিন আগে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্র গোপনে ইসরায়েলে প্রায় ৩০০টি হেলফায়ার ক্ষেপণাস্ত্র পাঠায়। যদিও ট্রাম্প প্রশাসন বলছিল, তারা ইরানের সঙ্গে পারমাণবিক ইস্যু নিয়ে আলোচনায় আগ্রহী।

প্রসঙ্গত, গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রেক্ষাপটে ইরানের সঙ্গে বিরোধপূর্ণ সম্পর্ক চরমে ওঠে। লেবানের হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ এবং তেহরানে হামাস প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার পর ইসরায়েল-ইরান মুখোমুখী অবস্থান করে। সেই উত্তেজনা গত শুক্রবার বিস্ফোরণ ঘটে। ইসরায়েলের হামলার রেভল্যুশনারি গার্ডের প্রধানসহ শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি কঠোর ও তিক্ত জবাব দেওয়ার অঙ্গীকার করেছেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, এই লড়াইয়ের শেষ অধ্যায় লিখবে তেহরান।

পুতিনের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ইরান-ইসরায়েল উত্তেজনা নিয়ে ফোনে কথা বলেছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। বিবিসি জানায়, এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘আজ (গতকাল) সকালে প্রেসিডেন্ট পুতিন আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ফোন করেছিলেন। তবে আরও গুরুত্বপূর্ণভাবে তিনি কথা বলেন ইরান নিয়েÑ একটি দেশ যা তিনি খুব ভালোভাবেই চেনেন। আমরা দীর্ঘ সময় এ নিয়ে আলোচনা করেছি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here