মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। বুধবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে এক পক্ষ অন্য পক্ষের বসতবাড়ি, দোকানপাট ও সাংবাদিকের বাসভবনে হামলা, ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগ করে। এ সময় এলাকা রণক্ষেত্রে পরিণত হয় এবং অন্তত ১০ জন আহত হন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মস্তফাপুর ইউপি সদস্য হাবিব হাওলাদার ও প্রতিপক্ষ সামচু সরদার ওরফে কোপা সামচুর সমর্থকদের মধ্যে দীর্ঘদিনের বিরোধের জেরে এই সংঘর্ষের সূত্রপাত। সামচু সরদারের পক্ষের লোকজন অতর্কিতভাবে হাবিব হাওলাদারের বসতবাড়িতে হামলা চালায়। হামলাকারীরা দৈনিক দেশ রূপান্তর-এর সাংবাদিক মেহেদী হাসান সোহাগের বসতবাড়ি ও সিসিটিভি ক্যামেরাসহ অন্তত ১০টি ঘর ও দোকানপাটে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। এছাড়া দুটি মোটরসাইকেল ভাঙচুর এবং একটি রান্নাঘরে অগ্নিসংযোগ করা হয়। হামলা চলাকালে আতঙ্ক সৃষ্টি করতে অর্ধশতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।
সংঘর্ষে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়েছে অন্তত ১০ জনকে। গুরুতর আহত মকবুল হাওলাদার ও জাকির হাওলাদারকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারগ্যাস নিক্ষেপ করে।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে অভিযান চালিয়ে পরিস্থিতি শান্ত করেছে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।