স্লোগানে উত্তাল নগর ভবন, উপদেষ্টার পদত্যাগ দাবি

0
51

শপথ ভঙ্গ করার অভিযোগ তুলে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ দাবি করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। গতকাল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি জানান।

ইশরাক সমর্থকরা এ সময় ‘দফা এক, দাবি এক-আসিফের পদত্যাগ’, ‘এক দুই তিন চার-আসিফ তুই গদি ছাড়’ প্রভৃতি স্লোগান দেন। অসত্য ও বিভ্রান্তিমূলক তথ্য গণমাধ্যমে উপস্থাপনের জন্য স্থানীয় সরকার উপদেষ্টা পদে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বহাল থাকার নৈতিক অধিকার হারিয়েছেন জানিয়ে ইশরাক বলেন, সজীব ভূঁইয়া শপথ ভঙ্গ করেছেন। তিনি বলেন, ‘উপদেষ্টা আসিফ মাহমুদ বয়সে খুবই তরুণ। সামনে তাঁকে অনেক পথ পাড়ি দিতে হবে। কাজেই জনগণের প্রতি শ্রদ্ধাশীল আচরণ, আদালতের রায়ের প্রতি সম্মান প্রদর্শন তাঁর কাছ থেকে কাম্য। অসত্য তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করা তার কাজ নয়। কারণ, এত অত্যাচার, নির্যাতন সহ্য করে যেসব মানুষ তাদের নির্দিষ্ট লক্ষ্য থেকে বিচ্যুত হননি, তাদের তিনি বিভ্রান্ত করতে পারবেন না।’

এই বিএনপি নেতা আরও বলেন, নির্বাচনি ট্রাইব্যুনাল আগের গেজেট বাতিল করে তাঁকে (ইশরাক) মেয়র হিসেবে গেজেট প্রকাশের জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়কে নির্দেশ দিয়েছেন। এ নির্দেশনা অনুযায়ী নির্বাচন কমিশন ১০ দিনের মধ্যে ২৭ এপ্রিল সংশোধিত গেজেট প্রকাশ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় সরকার বিভাগে পাঠিয়ে দিয়েছে। এ সংশোধিত গেজেট পেয়ে শপথ অনুষ্ঠানের আয়োজন ছাড়া স্থানীয় সরকার বিভাগের কিছুই করণীয় নেই।

এর আগে সোমবার আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘শপথ গ্রহণের বিষয়টি বিবেচনাধীন থাকা অবস্থায় গেজেটের মেয়াদ শেষ হওয়ায় শপথ পড়ানো যায়নি।’ উপদেষ্টার এ বক্তব্য উল্লেখ করে ইশরাক বলেন, ‘এ কথা সত্য হলে ভবিষ্যতে কোনো নির্বাচিত প্রতিনিধি আর শপথ পড়ার সুযোগ পাবেন না।’ এদিকে, শপথের মাধ্যমে দায়িত্ব বুঝে না পেলেও গতকাল নগর ভবনের একটি মিলনায়তনে সংস্থাটির প্রায় ৭০টি ওয়ার্ডের সচিবদের নিয়ে বৈঠক করেছেন ইশরাক হোসেন। বেলা ১টার দিকে বৈঠকটি শুরু হয়। এর আগে সোমবার ৭০ জনের বেশি পরিচ্ছন্নতা পরিদর্শককে নিয়ে বৈঠক করেছিলেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here