ইরান সীমান্তে নিরাপত্তা বাড়িয়েছে তুরস্ক। আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি রাখছে দেশটি। ইসরায়েলের সাথে ইরানের সংঘাতকে কেন্দ্র করেই তুরস্ক সতর্ক অবস্থান নিয়েছে।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। তবে ইরান থেকে তুরস্কে প্রবেশ করছে লোকজন এমন দৃশ্য চোখে পড়েনি।
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটি জানায়, নিজস্ব রাডার ও অস্ত্র ব্যবস্থা ব্যবহার করে কয়েক স্তরের ও সমন্বিত আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি অব্যাহত রেখেছে তুরস্ক। এর লক্ষ্য যুদ্ধ প্রস্তুতি উচ্চ পর্যায়ে রাখা।
তুরস্তের দক্ষিণ পূর্বাঞ্চলে ইরানের অবস্থান। প্রতিবেদনে বলা হয়, প্রতিবেশী ইরানের ওপর হামলার পর তুরস্কের কুইক রিঅ্যাকশন অ্যালার্ট উড়োজাহাজ আকাশে উড়ছে। আকাশসীমা লঙ্ঘনের আশঙ্কা থেকে উড়োজাহাজটি সীমান্তে টহল অব্যাহত রেখেছে।
গত শুক্রবার ভোরে ইরানে হামলা চালায় ইসরায়েল। জবাবে ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোনের পাশাপাশি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। গত এক সপ্তাহ ধরে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে দুই দেশ।

