নওগাঁর ধামইরহাট থানা হেফাজতে থাকা ট্রাংক ভেঙে আসন্ন এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
গত মঙ্গলবার (১৭ জুন) এই ঘটনা ঘটলেও গতকাল বৃহস্পতিবার (১৯ জুন) তা জানাজানি হয়। এ ঘটনায় জেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এদিকে থানা হেফাজতে থাকা এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র রাখার একটি ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে দেখা যাচ্ছে, ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্রের জন্য সিলগালা করা ট্র্যাংকটির দুটি তালা ভেঙে ফেলা হয়েছে। ট্র্যাংকের ভেতরে থাকা ইসলামের ইতিহাসের এক সেট প্রশ্ন ছেঁড়া অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।
ট্র্যাংক ভেঙে এইচএসসির প্রশ্নপত্র চুরি যাওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে নওগাঁর জেলা প্রশাসক আব্দুল আউয়াল সাংবাদিকদের জানান, ‘থানা হেফাজতে থাকা এইচএসসি পরীক্ষার লকার বাক্সের ভেতর থেকে প্রশ্নপত্র চুরির কথা জানার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রশ্নপত্রের বাক্সের তোলা কোনোভাবেই খোলা থাকার কথা নয়। এটাতো একটা অঘটন ঘটেছেই। এছাড়া বাক্স থেকে প্রকৃতপক্ষে কোনো প্রশ্নপত্র চুরি হয়েছে কিনা তা তদন্ত করা হচ্ছে। প্রশ্নপত্র চুরি বা ফাঁসের ঘটনার যে বা যাঁদের জড়িত থাকার প্রমাণ মিলবে তাঁদের বিরুদ্ধে কঠোর আ্ইনি ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’
জেলা প্রশাসক আরও বলেন, ‘যে প্রশ্নপত্র চুরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে তা ইসলামের ইতিহাস বিষয়ের। বিষয়টি রাজশাহী শিক্ষা বোর্ডের প্রধানকে জানানো হয়েছে। আগামীকার শনিবার বোর্ডের প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করবে।’
বিষয়টি নিয়ে জানতে চাইলে নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) সাদিয়া আফরিন বলেন, ‘এ ঘটনা জানার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিক তদন্তে ওই বাক্সে যে পরিমাণ প্রশ্নপত্র থাকার কথা সেটাই পাওয়া গেছে। তবে বাক্সটি খোলা পাওয়া গেছে। বাক্সটির তালা ভেঙে প্রশ্নপত্র ফাঁস হয়ে থাকতে পারে। এটা হয়ে থাকলে কারা এর সঙ্গে জড়িত তা খোঁজে বের করার চেষ্টা চলছে।’
উল্লেখ্য, আগামী ২৬ জুন থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হওয়ার কথা।

